দুর্নীতি প্রতিরোধে কৃতীদের অঙ্গীকার
দুর্নীতি প্রতিরোধ করে নাটোরের কৃতী শিক্ষার্থীরা একদিন কৃতী নাগরিক হয়ে ওঠার অঙ্গীকার করেছে। এ ছাড়া ফেনী, হবিগঞ্জ ও লক্ষ্মীপুরে কৃতী শিক্ষার্থীরা মাদক, মুখস্থ ও ইভ টিজিংকে ‘না’ বলে।প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির উদ্যোগে সারা দেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে গতকাল শনিবার নাটোর, ফেনী, হবিগঞ্জ ও লক্ষ্মীপুরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:নাটোর‘দেশের উন্নয়নে বড় বাধা দুর্নীতি। সবার আগে নিজে দুর্নীতিমুক্ত থাকব। দুর্নীতি প্রতিরোধে কাজ করব। আর এভাবেই কৃতী শিক্ষার্থী থেকে কৃতী নাগরিক হব।’ গতকাল জেলা পরিষদ মিলনায়তনে নাটোরের কয়েক শ কৃতী শিক্ষার্থী এ অঙ্গীকার করে।সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন বন্ধুসভার সভাপতি আবদুল হাকিম। শুরুতেই সেরা শিক্ষাপ্রতিষ্ঠান বড়াইগ্রামের সেন্ট জোসেফ উচ্চবিদ্যালয়, নাটোর সরকারি বালক উচ্চবিদ্যালয়, নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলকে সম্মাননা স্মারক দেওয়া হয়।অনুষ্ঠানে অধ্যক্ষ নজরুল ইসলাম, হযরত আলী; শিক্ষক গৌরপদ মণ্ডল, আবদুল কাদের, হাসিনা বানু, গোপাল চন্দ্র সরকার; রবির আঞ্চলিক ব্যবস্থাপক আকরাম মল্লিক প্রমুখ বক্তৃতা করেন।জেলা শিক্ষা কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ‘তোমরা অনেকেই গ্রামের অখ্যাত স্কুলে পড়ালেখা করে জিপিএ-৫ পেয়েছ। তাই উচ্চমাধ্যমিকে নামীদামি কলেজে ভর্তি হতে না পেরে মন খারাপ করবে না। মনে রাখবে, তোমার নিজের চেষ্টা থাকলে আগামীতেও ভালো ফল করতে পারবে।’ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়ার ফাঁকে ফাঁকে নাটোর বন্ধুসভার শিউলি ও পপি সংগীত ও নৃত্য পরিবেশন করেন।অনুষ্ঠানে নাটোর নববিধান উচ্চবিদ্যালয়ের কৃতী ছাত্র মিলন হোসেন বলে, ‘ছাত্রাবাসে বুয়ার কাজ করে মা আমাকে বড় করেছেন। আজ সংবর্ধনা পাচ্ছি। মা আমার সামনেই রয়েছেন। এসব কিছুই মাকে উৎসর্গ করছি। মায়ের মতো দেশকেও আমি ভালোবাসি।’ ফেনীঅনুষ্ঠানের শুরুতেই কৃতীরা মুখস্থ, মিথ্যা, মাদক ও ইভ টিজিংকে ‘না’ বলে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ ডি এ বিলকিস আরা চৌধুরী, মো. আবদুল হালিম; প্রথম আলোর বিশেষ প্রতিনিধি অরূপ দত্ত, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, রবির আঞ্চলিক ব্যবস্থাপক মোদাচ্ছের মাহমুদ, শিক্ষার্থী তন্ময় বণিক, কানিজ ফাতেমা, বন্ধুসভার সাবেক সভাপতি কাজী ইকবাল আহমেদ প্রমুখ।স্বাগত বক্তব্য দেন প্রথম আলো ফেনীর নিজস্ব প্রতিবেদক আবু তাহের এবং অনুষ্ঠান পরিচালনা করেন বন্ধুসভার নজরুল ইসলাম ও আমিনুল ইসলাম হাজারী। নৃত্য পরিবেশন করে ফ্রেমা ও ইপ্তি। অনুষ্ঠানে ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ উৎপল কান্তি বৈদ্য বলেন, ‘কৃতী শিক্ষার্থীরা আগামীতে আরও ভালো ফল করবে। সমাজে ভালো কাজের সঙ্গে থাকবে। মাদক-মিথ্যা-মুখস্থ ও ইভ টিজিংকে শুধু না বলবে না, মাদক ও ইভ টিজিংকে রুখে দাঁড়াবে।’অনুষ্ঠানে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় থাকা ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসাকে সম্মাননা স্মারক দেওয়া হয়।হবিগঞ্জকৃতী শিক্ষার্থীদের লক্ষ্য থাকা উচিত দেশ বদলে দেওয়ার। পাশাপাশি নিজেদের ভাগ্য নিজেদেরই বদলাতে হবে। গতকাল হবিগঞ্জে কৃতী শিক্ষার্থীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।প্রেসক্লাবে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠান শুরু হয়। সভায় চুনারুঘাট সরকারি কলেজের উপাধ্যক্ষ নজমুল হক বলেন, ‘এসএসসিতে কৃতিত্ব দেখিয়ে অনেক শিক্ষার্থী এইচএসসিতে গিয়ে হারিয়ে যায়। এবারের মেধাবীদের ক্ষেত্রে যেন এ ধরনের ঘটনা না ঘটে।’অনুষ্ঠানে বক্তৃতা করেন শিক্ষক মো. আবদুল গফফার আহমেদ, প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক কাজী আলিম-উজ-জামান, সুজন জেলা শাখার সাধারণ সম্পাদক ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, রবির আঞ্চলিক ব্যবস্থাপক আজিজুল ইসলাম প্রমুখ। শিক্ষার্থী অটল ভৌমিক বলে, ‘নেশা কোনো ফ্যাশন নয়। এ থেকে বের হয়ে আসতে হবে। দেশের রাজনৈতিক নেতাদের যখন দেখি জমি ও নদী দখল করেন, তখন মনে বেশ কষ্ট পাই।’ সভায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর নিয়ন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বন্ধুসভার ফয়েজ আহম্মদ। অনুষ্ঠানে জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়, বিকেজিসি সরকারি বালিকা বিদ্যালয় ও মাধবপুরের গোবিন্দপুর সরকারি উচ্চবিদ্যালয়কে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে শুনান রুমি বড়ুয়া, আমিন-উর-রশিদ, রিয়াজ, তোফায়েল আহমেদ।লক্ষ্মীপুর‘শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বুকে নিজেকে তুলে ধরতে চাই। ভালো ফল করলেই হবে না, ভালো মানুষ হতে হবে। আর ভালো মানুষেরাই যুগে যুগে সমাজ বদলের নেতৃত্ব দিয়েছে। তাই আজ সময় এসেছে আমাদের বদলে যাওয়ার, সমাজটাকে বদলে দেওয়ার।’ সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী সাইদুর রহমান এভাবেই তার নিজের অভিব্যক্তি প্রকাশ করে। শহরের নছির আহম্মদ ভূঁইয়া পৌর মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরু হয় সকাল সাড়ে ১০টায়। শুরুতে স্বাগত বক্তব্য দেন বন্ধুসভার সভাপতি আবু তালেব হালান। জেলা প্রতিনিধি এম জে আলম শিক্ষার্থীদের মাদক-মুখস্থ-ইভ টিজিংকে ‘না’ বলার শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ মাহাবুব মোহাম্মদ আলী, মাইন উদ্দিন পাঠান, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি কার্তিক সেনগুপ্ত, রবির আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম প্রমুখ। বক্তব্য শেষে জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠান প্রতাপগঞ্জ উচ্চবিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয়কে সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন প্রাপ্তি চৌধুরী। গান পরিবেশন করেন আগন্তুক শিল্পীগোষ্ঠীর জুয়েল ও তাঁর দল। এ ছাড়া বন্ধুসভার সদস্যরা ইভ টিজিংবিরোধী নাটিকা উপস্থাপন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান ও শিমু চৌধুরী।