দুর্নীতি প্রতিরোধে গণশুনানিতে অভিযোগ আর আশ্বাস
দাঁতের ব্যথায় কাতর আট বছরের শিশু রোহানুজ্জামান সিরিঞ্জ দেখে ভয়ে কান্না শুরু করলে কর্তব্যরত চিকিৎসক তাকে চর-থাপ্পড় মেরে চুল ধরে টানাহেঁচড়া করে চেতনানাশক ইনজেকশন দেওয়ার চেষ্টা করেন। ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর গণশুনানিতে অংশ নিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত চিকিৎসকের বিরুদ্ধে এমন অভিযোগ করেছিলেন শিশুটির মা রুমা আক্তার। এরপর পার হয়েছে প্রায় দুই বছর। সেই স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান আগের তুলনায় অনেকটাই বেড়েছে। আজ মঙ্গলবার ফলোআপ গণশুনানিতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন রুমা। তবে ভূমি ও সাব-রেজিস্ট্রি কার্যালয়সহ পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অনেক অভিযোগই করেন ভুক্তভোগী নাগরিকেরা।
রুমা বলেন, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। সেই সুবাদে তৃণমূল পর্যায়ের জনসাধারণের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ২০১৫ সালের গণশুনানিতে অংশ নেওয়ার পর গত দুই বছরে তিনি অনেককেই চিকিৎসাসেবা নেওয়ার জন্য ওই স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। তাঁদের সবাই আগের তুলনায় ভালো সেবা পেয়েছেন বলে তাঁকে জানিয়েছেন।
আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর সাভারে গণশুনানির আয়োজন করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি)।
প্রায় দুই বছর পর আজ মঙ্গলবার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ধারাবাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাভার ও আশুলিয়ার সাব-রেজিস্ট্রি কার্যালয়, সাভার উপজেলা ভূমি কার্যালয়সহ আমিনবাজার ও আশুলিয়া সার্কেলের রাজস্ব শাখাসহ পল্লী বিদ্যুৎ ওই গণশুনানিতে অংশ নেয়। সাভারের সেটেলমেন্ট কার্যালয়ের কর্মকর্তারা শুনানিতে অংশ নেওয়ার কথা থাকলেও তাঁরা অনুপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত শুনানিতে সহায়তা করে টিআইবি, সাভারের সচেতন নাগরিক কমিটি (সনাক) ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)।
আজকের ফলোআপ শুনানিতে অংশ নিয়ে সাভারের আড়াপাড়ার তমা খন্দকার বলেন, চার বছর আগে তিনি একটি মিটারের জন্য পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন করেছিলেন। মিটার না দিয়ে নানা অজুহাতে তাঁকে হয়রানি করা হয়েছে। পরে নতুন করে আবেদন করার পর তিনি মিটার পেয়েছেন।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর মহাব্যবস্থাপক (জিএম) সৈয়দ ওয়াহিদুল ইসলামের বিরুদ্ধে হয়রানি ও অশালীন আচরণের অভিযোগ করেন সোহরাব উদ্দিন খান নামের এক নাগরিক। তিনি চার বছর আগে মিটারের আবেদন করেও মিটার পাননি।
শুনানিতে উপস্থিত সৈয়দ ওয়াহিদুল ইসলাম বলেন, তমা খন্দকার এ বিষয়ে তাঁর কাছে কোনো অভিযোগ না করায় বিষয়টি তাঁর জানা ছিল না। চার বছরেও কেন তাঁকে মিটার দেওয়া হয়নি, তা তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তবে সোহরাব হোসেনের অভিযোগ অস্বীকার করে সৈয়দ ওয়াহিদুল ইসলাম তাঁর (সোহরাব) বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন।
দুদকের কমিশনার নাসির উদ্দীন আহমেদ উভয় পক্ষের কথা শুনে শুনানিতে উপস্থিত সৈয়দ ওয়াহিদুল ইসলামকে সতর্ক করেন এবং সোহরাব উদ্দিন খানের সমস্যা সমাধানের নির্দেশ দেন।
সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাহার উদ্দিন বলেন, তাঁর কিছু জমি তিনি মেয়ের জামাইকে সাবকবলা দলিল করে দিয়েছেন। সেই জমির নামজারির আবেদন করা হলে সাভারের সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে তা খারিজ করে দেওয়া হয়। অথচ তাঁর নামে ওই জমির নাম জারি করা ছিল। ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর গণশুনানিতে অংশ নিয়ে তিনি এ বিষয়ে অভিযোগ করার পর সাভারের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিয়েছিলেন। কিন্তু গত দুই বছরেও সেই জমির নাম জারি করে দেওয়া হয়নি।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সাভারের বর্তমান সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুল হাসান বলেন, ভুলক্রমে জমিটি অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হওয়ায় নাম জারির আবেদন খারিজ হয়েছিল। সংশোধনের জন্য জেলা প্রশাসকের দপ্তরে নথি পাঠানো হয়েছে। সংশোধন করে গেজেট প্রকাশিত হওয়ার পর ২১ দিনের মধ্যে নামজারি করে দেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
দুদক কমিশনার নাসির উদ্দীন আহমেদ বলেন, গত দুই বছরে সাভারের কিছুটা উন্নতি হয়েছে। গতকাল সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এর প্রমাণ পাওয়া গেছে। এ অবস্থা যাতে ধরে রাখা যায়, সে বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, সেটেলমেন্ট কার্যালয়সহ কিছু দপ্তরের বিরুদ্ধে অভিযোগ আছে।
আশুলিয়ার সাবেক সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। সেসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে তাঁকে আইনের মুখোমুখি করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। প্রতিরোধের সঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হলে সমাজে বার্তা যায় না। সে কারণে দুই একটি ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
নাসির উদ্দীন আহমেদ বলেন, আজকের এই ফলোআপ গণশুনানির পরে বড় ধরনের কোনো গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ তাঁকে চাকরি থেকে অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।