দুর্নীতি প্রতিরোধে গণশুনানিতে জোর দিচ্ছে দুদক
সরকারি কর্মকর্তাদের সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণশুনানির ওপর জোর দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সে লক্ষ্যে আগামী ১০ ডিসেম্বর ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকার তিনটি অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি), সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তাদের জনগণের মুখোমুখি করবে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার দুপুরে দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন তথ্য জানান।
নাসিম আনোয়ার বলেন, এর আগে ময়মনসিংহ, সাভার ও চকরিয়ায় গণশুনানি হলেও ঢাকায় প্রথমবারের মতো এ ধরনের অনুষ্ঠান হবে। ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে এ অনুষ্ঠানটি আয়োজন করছে দুদক। ওই দিন ঢাকার তেজগাঁও, গুলশান, সূত্রাপুর ও কোতোয়ালি এলাকার সহকারী কমিশনার (ভূমি) এবং সাব-রেজিস্ট্রার সেবাগ্রহীতাদের অভিযোগ শুনবেন এবং প্রশ্নের মুখোমুখি হবেন।
এসব দপ্তর থেকে সেবা নিতে গিয়ে যাঁরা হয়রানি বা বঞ্চনার শিকার হয়েছেন, তাঁরা এ অনুষ্ঠানে হাজির হয়ে সরকারি কর্মকর্তাদের প্রশ্ন করতে পারবেন বলে দুদক জানিয়েছে।
দুদকের পরিচালক নাসিম আনোয়ার বলেন, সরকারের জাতীয় শুদ্ধাচার কৌশল এবং মন্ত্রিপরিষদ বিভাগের স্মারক অনুযায়ী সরকারি কর্মকর্তাদের জনগণের মুখোমুখি হওয়ার কথা বলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই দুদক এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করছে। তিনি বলেন, এর উদ্দেশ্য জনগণকে সচেতন করে সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে তাদের অধিকার প্রতিষ্ঠা এবং প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।