দুর্নীতি প্রতিরোধে ছোটবেলা থেকেই চাই নৈতিকতার শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় প্রধান সমস্যা দুর্নীতি। এই দুর্নীতি প্রতিরোধে ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মনুষ্যত্ব, মানবিকতা ও নৈতিকতার শিক্ষায় গড়ে তুলতে হবে। স্কুল পর্যায় থেকে দুর্নীতি প্রতিরোধের শপথ নিতে হবে। তবেই দুর্নীতি প্রতিরোধ করে দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।

গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে এক মতবিনিময় সভায় শিক্ষার্থীরা এ মতামত দেয়। মানবাধিকার ও নাগরিক শিক্ষাবিষয়ক সংগঠন ‘চেঞ্জ মেকারস্’-এর উদ্যোগে এবং ঢাকার আমেরিকান সেন্টারের সহযোগিতায় এ সভা হয়।

‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের দায়বদ্ধতা নিশ্চিতকরণের নাগরিক সনদ’ শীর্ষক এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী আহসান।

সভায় নাগরিক সনদ, তথ্য অধিকার আইন, মানবাধিকার, মৌলিক অধিকার, সংবিধান, জাতীয় সংসদ, গণতন্ত্র, সুশাসন, নাগরিক দায়িত্ব ইত্যাদি বিষয়ে আলোচনা করেন চেঞ্জ মেকারসের সভাপতি ও প্রধান নির্বাহী তানভীর সিদ্দিকী।

সভায় কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা বক্তব্য দেয়। একাদশ শ্রেণির ছাত্র স্বপ্নিল শাহরিয়ার বলে, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বাংলাদেশ পিছিয়ে পড়ছে। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার জন্য একে অপরের সঙ্গে সর্বদা লড়াই করে, মারামারি করে। কিন্তু তারা যদি একে অপরকে সহযোগিতা করত, তবে দেশ এত দিনে অনেক দূর এগিয়ে যেত।

অপর শিক্ষার্থী হিমেল রহমান বলে, দেশের রিকশাওয়ালারা দুর্নীতি করেন না, শ্রমিকেরা দুর্নীতি করেন না। যারা স্কুল-কলেজে পড়াশোনা করে অনেক বড় পদে যান, তাঁরাই দুর্নীতি করেন। তাই এখন থেকেই দুর্নীতির বিরুদ্ধে শপথ নিতে হবে।

আরেক শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা বলে, মনুষ্যত্বহীন মানুষেরাই সব সময় দুর্নীতি ও হানাহানিতে লিপ্ত হয়। যাদের মধ্যে মনুষ্যত্ববোধ আছে, তারা কখনো এসব কাজ করতে পারে না।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এন্তাজুল হক বলেন, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের এখন থেকেই সচেতন হতে হবে। নাগরিকদের যেমন তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে, তেমনি তাদের কর্তব্য সম্পর্কেও সজাগ থাকতে হবে। তবেই বাংলাদেশ এগিয়ে যাবে।