দুর্নীতি প্রতিরোধে ধামরাইয়ে দুদকের গণশুনানি অনুষ্ঠিত
দুর্নীতি প্রতিরোধে গতকাল রোববার ঢাকার ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এ আয়োজন করে।
গণশুনানিতে অংশ নিয়ে ধামরাই পৌরসভার কাউন্সিলর ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম বলেন, এই উপজেলা পরিষদের অদূরে অর্পিত সম্পত্তি অবৈধভাবে দখল করে একাধিক আধা পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে। কেটে ফেলা হয়েছে অর্ধশতাধিক গাছ। এরপরও কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো এক দখলদারকে ওই জমির কিছু অংশ ইজারা দেওয়া হয়েছে।
আরিফুল বলেন, রাজধানীর পশ্চিম মনিপুরের মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তিকে গত বছর ৩১ মার্চ ধামরাইয়ের কায়েতপাড়া মৌজা থেকে ১৯ শতাংশ অর্পিত সম্পত্তি একসনা ইজারা দেওয়া হয়। এর পাঁচ মাস পর ৭ সেপ্টেম্বর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরেক আদেশে সেখান থেকে তিন শতাংশ জমি রিপন গোস্বামী নামের এক ব্যবসায়ীকে ইজারা দেন। এর আগেই রিপন অবৈধভাবে সেখানে আধা পাকা স্থাপনা নির্মাণ করেন। এরপর স্থানীয় বাসিন্দারা ওই সম্পত্তির ওপর আরও কয়েকটি অবৈধ স্থাপনা নির্মাণ করেন। বিষয়টি ভূমি মন্ত্রণালয়সহ জেলা প্রশাসককে অবহিত করার পরও অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
উপজেলা ভূমি কার্যালয়, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় শুনানিতে অংশ নেয়। ২০ জন নাগরিক এসব দপ্তরের সেবার বিষয়ে নানা হয়রানির চিত্র তুলে ধরেন।
উপজেলা সেটেলমেন্ট কার্যালয়, সাবরেজিস্ট্রি কার্যালয়, হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, সমাজসেবা কার্যালয় এবং উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কার্যালয়ের শুনানিতে অংশ নেওয়ার কথা থাকলেও নাগরিকেরা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো অভিযোগ উপস্থাপন করার সুযোগ পায়নি।
আরিফুলের অভিযোগের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা মোস্তারী বলেন, কায়েতপাড়া মৌজার অর্পিত সম্পত্তি দখল ও ইজারা দেওয়ার সময় তিনি ধামরাইয়ে ছিলেন না। এরপরও প্রথম আলোর প্রতিবেদন ও তথ্য কমিশনে এ-সংক্রান্ত শুনানির পরিপ্রেক্ষিতে অবৈধ দখলদারদের তালিকা তৈরি করে উচ্ছেদ নথি ঢাকার জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হয়েছে। খুব শিগগিরই দখলদার উচ্ছেদে অভিযান চালানো হবে।
এদিকে পৌর এলাকার বাবুল হোসেন বলেন, ২৭ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে পেটে ব্যথা নিয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তখন জরুরি বিভাগে একজন নার্স ছাড়া আর কেউ ছিলেন না। প্রায় দুই ঘণ্টা পর কর্তব্যরত চিকিৎসককে বাসা থেকে ডেকে আনা হয়। ওই চিকিৎসক ক্লিনিকে না গিয়ে গভীর রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার ঘটনায় বিরক্ত বোধ করেন।
অভিযোগের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন খান বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। এর পরপরই গণশুনানিতে উপস্থিত দুদকের কমিশনার নাসির উদ্দীন আহমেদ তাঁর উদ্দেশে বলেন, চাকরি করার ইচ্ছে থাকলে জনগণকে সেবা দিতে হবে।
ভুক্তভোগী রাজিয়া বেগম বলেন, একটি বৈদ্যুতিক মিটারের জন্য মাস দু-এক আগে তিনি ধামরাই পল্লী বিদ্যুতের কার্যালয়ে আবেদন করেন। এরপর তিনি ওই কার্যালয়ের উপমহাব্যবস্থাপকসহ একাধিক কর্মকর্তার কাছে ধরনা দিয়েছেন। এর পরও তাঁকে মিটার সরবরাহ করা হয়নি। উপমহাব্যবস্থাপক মোস্তফা কামাল তাঁর অভিযোগ শুনে এক সপ্তাহের মধ্যে তাঁকে মিটার দেওয়ার আশ্বাস দেন।
প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার নাসির উদ্দীন আহমেদ বলেন, সরকারি কর্মকর্তারা জনগণের পয়সায় বেতন নেন। জনগণের কাছে তাঁদের দায়বদ্ধতা আছে। বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ এম এ মালেক বলেন, ‘বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশ। এ দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। সরকার ও দুদক দুর্নীতি প্রতিরোধের চেষ্টা করে যাচ্ছে। হয়তো এর সুফল আমরা পাব।’