দুর্নীতি প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে শোভাযাত্রা
কার্যকরভাবে দুর্নীতি প্রতিরোধে যুবসমাজকে সচেতন করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রেরণায় গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়েস গ্রুপ’ এ শোভাযাত্রার আয়োজন করে।বিশ্ব যুব দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বেলা সাড়ে ১১টায় বর্ণাঢ্য এ শোভাযাত্রা শুরু হয়। এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। শোভাযাত্রায় অন্যদের মধ্যে অংশ নেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে দুর্নীতিবিরোধী এ শোভাযাত্রায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।অংশগ্রহণকারীদের পরনে ছিল ‘স্বাধীনতার স্বপ্ন পূরণে চাই কার্যকর দুর্নীতি প্রতিরোধ’ লেখাসংবলিত লাল টি-শার্ট। হাতে ছিল দুর্নীতি প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার স্লোগানসংবলিত ব্যানার ও ফ্যাস্টুন। বাদ্যের তালে তালে শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলাভবনের সামনে গিয়ে শেষ হয়। টিআইবির সহায়তায় আয়োজিত এ শোভাযাত্রায় ইয়েস গ্রুপের ১৩টি শাখা অংশ নেয়।