দুর্নীতি প্রমাণিত হয়েছে সরকারের পদত্যাগ করা উচিত: বিএনপি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, সুরঞ্জিত সেনগুপ্তের পদত্যাগে প্রমাণিত হয়েছে, কেবল রেল মন্ত্রণালয় নয়, গোটা সরকারই দুর্নীতিগ্রস্ত। তাই অবিলম্বে এই সরকারের পদত্যাগ করা উচিত।গতকাল সোমবার বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ঘটনার পরই সুরঞ্জিত সেনগুপ্তের পদত্যাগ করা উচিত ছিল। তিনি হয়তো ভেবেছিলেন প্রধানমন্ত্রীর সমর্থন পাবেন। কিন্তু গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনের কারণে সেটা আর সম্ভব হয়নি। বাধ্য হয়েই তাঁকে পদত্যাগ করতে হয়েছে। এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, রেলমন্ত্রী ষড়যন্ত্রের কথা বলেছেন। কিন্তু এখানে বড় ধরনের দুর্নীতি হয়েছে, এটা এখন প্রমাণিত। তাই হয়তো অন্য গল্প খোঁজার চেষ্টা হচ্ছে।উচ্চ আদালত ঢাকা সিটি করপোরেশন নির্বাচন তিন মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপি এই নির্বাচনে প্রথমে যেতে চায়নি। কিন্তু যখনই বলেছে চমক দেখাবে, তখন সরকার ভয় পেয়ে পিছিয়ে গেছে। এ কারণে নির্বাচন বন্ধ করা হয়েছে।বিএনপির সাংসদ ও দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রথম আলোকে বলেছেন, সুরঞ্জিত সেনগুপ্তের পদত্যাগ যথেষ্ট নয়। রেলে ঘুষ ও অর্থ কেলেঙ্কারিতে জড়িত ব্যক্তিদের অবিলম্বে বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে।ঘটনার সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকার পরও সুষ্ঠু তদন্তের স্বার্থে পদত্যাগ করছেন বলে দাবি করেছেন সুরঞ্জিত সেনগুপ্ত। এ বিষয়ে মওদুদ আহমদ বলেন, ‘তিনি (সুরঞ্জিত) পদত্যাগের একটি কারণ উল্লেখ করেছেন। তবে এর কোনো অর্থ নেই। এটি তাঁর ব্যক্তিগত বক্তব্য।’মওদুদ আহমদ একজন সাবেক প্রধান বিচারপতিকে দিয়ে এ ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানান। তিনি বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের একান্ত সহকারী সচিবের গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়ার ঘটনায় কোনো মামলা হয়নি। অথচ এটি ফৌজদারি আইনের অপরাধ। ওই ঘটনায় পুলিশকে মামলা করতে হবে।সাবেক চারদলীয় জোট সরকারের আইনমন্ত্রী মওদুদ আহমদ বলেন, সংবিধানে আছে, মন্ত্রীর কোনো অপকর্ম বা দোষের জন্য কোনো মন্ত্রী এককভাবে দায়ী নন। এই দায় পুরো মন্ত্রিসভার। তাই এ ঘটনার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে, জবাবদিহি করতে হবে। অর্থ কেলেঙ্কারির ঘটনায় সরকারের দুর্নীতির বিষয়টিও চলে আসে উল্লেখ করে তিনি জাতীয় সংসদে পুরো ঘটনার ব্যাখ্যা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।