পরিকল্পনামন্ত্রী ও কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও সদর দক্ষিণ) আসনের সাংসদ আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘দুর্নীতি বন্ধ না করলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের প্রকল্প দেওয়া হবে না। এ বিশ্ববিদ্যালয়ে ৮০ শতাংশ নয়, শতভাগ দুর্নীতি বন্ধ হলে আমি প্রকল্প দিয়ে টাকা দেব। বিশ্ববিদ্যালয়ে আমি প্রকল্প দিয়ে টাকা পাঠাই, সেই টাকা দিয়ে মানুষ খুন হয়। আমি মানুষ খুন হওয়ার জন্য টাকা পাঠাই না।’
গত শনিবার রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ওই সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আ হ ম মুস্তফা কামাল বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রেল নাশকতার মামলার আসামি পরীক্ষার হলে অনুপস্থিত থাকলেও তাঁকে নম্বর দিয়ে পাস করিয়ে দেন এক শিক্ষক। ওই শিক্ষককে আবার উচ্চশিক্ষার জন্য বিদেশেও পাঠায় কর্তৃপক্ষ। এসব করলে কোনো বরাদ্দ দেওয়া হবে না।
ছাত্রদের উদ্দেশে পরিকল্পনামন্ত্রী বলেন, রাজনীতি করা তোমাদের মুখ্য নয়, পড়াশোনা করাই মুখ্য। সবার আগে পড়াশোনাকে ঠিক রাখতে হবে। অর্ধেক পড়াশোনায় জীবনে পূর্ণতা পাওয়া যায় না।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলী আশরাফের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য দেন সাবেক সাংসদ নাছিমুল আলম চৌধুরী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কুন্ডু গোপীদাস, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহদাত হোসেন তসলিম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ দুলাল চন্দ্র নন্দী, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা মো. ইলিয়াস মিয়া, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী।