দুর্নীতি বন্ধে উদ্যোগ নেবেন জোনায়েদ সাকি

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) অধিবাসীরা যে কর দেন, তা দুর্নীতির মাধ্যমে লুণ্ঠন হয় এই অভিযোগ তুলেছেন ডিসিসি উত্তরের মেয়র পদপ্রার্থী জোনায়েদ সাকি। তিনি বলেন, এই দুর্নীতি বন্ধ করতে পারলে জনগণের করের টাকা দিয়ে ঢাকা শহর বদলে ফেলা সম্ভব। একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরে পরিণত করা সম্ভব।
গতকাল শনিবার জোনায়েদ সাকি তাঁর প্রতিদিনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় মিরপুর-১০-এর জল্লাদখানার বদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে জোনায়েদ সাকি মিরপুর ঝুটপল্লি, বেনারসি পল্লি, অরিজিনাল-১০ হয়ে অ্যাভিনিউ-৫ এলাকায় জনসংযোগ করেন। বেলা তিনটায় দ্বিতীয় দফায় তিনি জনসংযোগ করেন ১২ নম্বর, ই ব্লক, ডি ব্লক, মুসলিম বাজার, কুর্মিটোলা ক্যাম্প ও শহীদনগরে। এ সময় জোনায়েদ সাকি বিভিন্ন সড়ক, মোড়, বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে যান, কথা বলেন। এলাকাবাসী অভিযোগ করে বলেন, এখানকার রাস্তাঘাট কবে ঠিক করা হয়েছে, তা তাঁরা মনে করতে পারেন না, অলিগলির অবস্থা ভীষণ খারাপ।