নারায়ণগঞ্জের সরকারি হাসপাতাল, ভূমি কার্যালয় ও থানায় দুর্নীতি-অনিয়ম বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সুপারিশ করা হয়েছে। জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় গতকাল বুধবার এই সুপারিশ করা হয়।জেলা প্রশাসকের কার্যালয়ে দুপুরে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন সাংসদ নজরুল ইসলাম। সভায় জেলা প্রশাসক মনোজ কান্তি বড়ালের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার শেখ নাজমুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ।সাংসদ নজরুল ইসলাম বলেন, চাষাঢ়ায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে কারা মার্কেট নির্মাণ করল, কে অনুমতি দিল? প্রশাসনের উচিত এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। শহরের যানজট নিরসনে উক্ত স্থানে বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা ছিল। মাদক নিয়ন্ত্রণে র্যাব, পুলিশকে আরও সক্রিয় হতে হবে।জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ অভিযোগ করেন, জেলার সরকারি হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্র, ভূমি কার্যালয় ও থানায় গিয়ে সাধারণ মানুষকে নানাভাবে হয়রানির শিকার হতে হয়। সরকারি হাসপাতালে টাকার বিনিময়ে ভুয়া সনদ পাওয়া যায়। আবার নিরীহ লোকজন টাকা না দেওয়ায় চিকিৎসার সনদ পায় না। ভূমি অফিসে প্রকাশ্যে চলছে ঘুষের বাণিজ্য। বিভিন্ন থানায় সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু, দালালদের অবাধে যাতায়াত রয়েছে। অথচ সাধারণ মানুষ সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা করতে থানায় গিয়ে নানাভাবে হয়রানির শিকার হয়। নাগরিক অধিকার রক্ষায় সেবামূলক এসব প্রতিষ্ঠানে প্রয়োজনে আইন সংশোধন করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা উচিত।জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের বাকি দুই কিলোমিটার অংশের সংস্কারকাজ শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। ফতুল্লা ডাকঘর থেকে শিবু মার্কেট লিংক রোড ও পাগলা থেকে লিংক রোড পর্যন্ত রাস্তা দুটি সংস্কার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সওজের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হবে।