দুর্নীতি মামলা চ্যালেঞ্জ করে সাংসদ বদির আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুর রহমান বদি
আবদুর রহমান বদি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে কক্সবাজারের আওয়ামী লীগদলীয় সাংসদ আবদুর রহমান বদির রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. মিফ্তাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার সাংসদ বদির আবেদন উত্থাপিত হয়নি (নট প্রেসড) মর্মে খারিজ করেন।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান পরে প্রথম আলোকে বলেন, এর ফলে সাংসদ বদির বিরুদ্ধে করা দুর্নীতি মামলা স্বাভাবিক নিয়মে চলবে।
১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখাতে কম দামি সম্পদের বেশি দাম (১ কোটি ৯৮ লাখ ৩ হাজার ৩৭৫ টাকা) দেখানোর অভিযোগে গত বছরের ২১ আগস্ট সাংসদ বদির বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় এ মামলা করে দুদক।
ওই বছরের ১২ অক্টোবর এ মামলায় সাংসদ বদি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়। ১৬ অক্টোবর নিম্ন আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করেন। এ আদেশের পর তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন (রিভিশন) করেন। পরে হাইকোর্ট তাঁর ছয় মাসের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। ওই আদেশ স্থগিত চেয়ে দুদক আবেদন করলে চেম্বার আদালত তাতে কোনো আদেশ দেননি। এর ফলে ৩০ অক্টোবর সাংসদ বদি কারাগার থেকে মুক্তি পান।
গত ৬ মে ওই মামলায় অভিযোগপত্র দেয় দুদক। এতে তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৬ কোটি ৩৩ লাখ ৯৪২ টাকার সম্পদ অর্জন ও দুদকের কাছে দেওয়া সম্পদের বিবরণীতে ৩ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ২৭ টাকার সম্পদের তথ্য গোপন করার কথা বলা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ ৬ অক্টোবর এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য রয়েছে।