দুর্নীতি মামলায় শেখ হাসিনাসহ ২৭ জনকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৭ জনকে নভোথিয়েটার সংক্রান্ত দুর্নীতির অভিযোগে করা পৃথক তিনটি মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস এ আদেশ দেন।
দুদকের উপপরিচালক মো. মঞ্জুর মোর্শেদ মামলা তিনটি তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দেন। একই সঙ্গে শেখ হাসিনাসহ অন্যদের মামলা থেকে অব্যাহতির আবেদন জানানো হয়। মহানগর দায়রা জজ আদালত মামলা তিনটির চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে শেখ হাসিনাসহ ২৭ জনকে অব্যাহতির আদেশ দেন। প্রতিবেদনে বলা হয়, মামলা তিনটিতে আনা অভিযোগগুলো ভিত্তিহীন। অভিযোগের বিষয়ে সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় তিনটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা গেল। তদন্ত কর্মকর্তা আসামিদের মামলার দায় অব্যাহতির আবেদন জানান।
২০০২ সালের ২৭ মার্চ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে রাজধানীর তেজগাঁও থানায় তখনকার বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি মামলা করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। বঙ্গবন্ধু নভোথিয়েটার প্রকল্প বিষয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের কার্যনির্বাহী পরিষদের (একনেক) সিদ্ধান্তকে আমলে নিয়ে মামলাগুলো করা হয়।