দুর্নীতি মামলার আসামিরা জামিনে বেরিয়ে যাচ্ছেন
দুর্নীতি মামলার আসামিরা জামিনে বেরিয়ে যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবারই পৃথক ১৫টি দুর্নীতির মামলায় ১১ জনকে জামিন দিয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে জামিনের বিরোধিতা করা হলেও আদালত তা আমলে নিচ্ছেন না।সংশ্লিষ্ট আইনজীবীরা অভিযোগ করেছেন, মামলার ধারা জামিনের অযোগ্য হওয়া সত্ত্ব্বেও দুদকের বিভিন্ন মামলায় আসামিরা জামিন পেয়ে যাচ্ছেন। এতে পরবর্তী সময়ে বিচারের প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও দুদক সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে এসব মামলা করে থাকে।দৃষ্টান্ত তুলে ধরে দুদকের আইনজীবী কবির হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকার ডোবা-নালা পরিষ্কারসংক্রান্ত পৃথক পাঁচটি দুর্নীতির মামলায় ১০ জন কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করেন। রাষ্ট্রপক্ষকে আগে থেকে তাঁদের জামিনের আবেদন দেওয়া হয়নি। আদালতের কার্যক্রমের শেষ মুহূর্তে আবেদনগুলো করা হয়। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে দুর্নীতির সুস্পষ্ট অভিযোগ থাকা সত্ত্ব্বেও আদালত জামিনের আবেদন মঞ্জুর করেছেন। একই আদালত পৃথক ১০টি দুর্নীতি মামলার আসামি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) বজলে কাদেরকেও জামিন দিয়েছেন। রাষ্ট্রপক্ষ বিরোধিতা করলেও কাজ হয়নি।পাঁচ মামলার বিবরণ: ডিসিসির মামলার আসামিরা হলেন: করপোরেশনের সাবেক বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আবুল হোসেন চৌধুরী, পরিচ্ছন্নতা কর্মকর্তা শফি উল্লাহ, পরিচ্ছন্নতা পরিদর্শক রাজকুমার দাস, বাহাউদ্দিন, শহীদুল ইসলাম, মাহবুব উল্লাহ, শাহ কামাল, মজিব খান, তত্ত্বাবধায়ক পরিদর্শক আসগর ও মশক সুপারভাইজার আবদুর রব। তাঁরা ডিসিসির বিভিন্ন ডোবা-নালা থেকে কচুরিপানা ও আবর্জনা পরিষ্কারের নামে ৫৬ লাখ ৩৩ হাজার ৭৬০ টাকা তোলেন। এ ঘটনায় ২০১০ সালের ৮ জুলাই লালবাগ থানায় মামলাগুলো করেছিল দুদক। সংস্থাটির অনুসন্ধানে দেখা যায়, আসামিরা বিভিন্ন খাতে হিসাব গরমিল দেখিয়ে ওই টাকার মধ্যে ৩০ লাখ ৬৬ হাজার ১৬৭ টাকা আত্মসাৎ করেন।ঢাকা মেডিকেলের ১০ মামলা: গত ১৮ জানুয়ারি সাবেক পরিচালক বজলে কাদের পৃথক ১০টি দুর্নীতির মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠিয়ে দেন। গত বছরের ১৬ নভেম্বর রাজধানীর শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক সৈয়দ তাহসানুল হক বাদী হয়ে মামলাগুলো করেন।পৃথক মামলাগুলোর এজাহারে বলা হয়েছে, ঢাকা মেডিকেলের জন্য ইনজেকশনসহ বিভিন্ন ওষুধসামগ্রী, যন্ত্রপাতি ও বিশেষ ধরনের বাল্ব কেনায় অনিয়মের মাধ্যমে প্রায় সাত কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এর মধ্যে শুধু আইসিইউ ইউনিটের কিডনি রোগীদের জীবন রক্ষায় ইনজেকশন কেনার মাধ্যমেই এক কোটি ৩৪ লাখ ১০ হাজার ২৯০ টাকার বিল সংশ্লিষ্ট ঠিকাদারকে অতিরিক্ত পরিশোধ করা হয়। হ্যানোলাক্স বু নামে একধরনের বাল্ব কেনা হয় ১০০টি, প্রতিটি ১৯ হাজার ৯০০ টাকা করে। কিন্তু সেগুলোর বাজারমূল্য মাত্র পাঁচ হাজার টাকা। এ ছাড়া দরপত্র ছাড়াই অস্বচ্ছ কোটেশনের মাধ্যমে যন্ত্রপাতি কেনার মাধ্যমে এক কোটি ৩৬ লাখ ২২ হাজার টাকার দুর্নীতি করা হয়।এর আগে একই আদালত ২২ জানুয়ারি অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে গার্মেন্টস পণ্য আমদানি ও দুর্নীতির মাধ্যমে শুল্ক ফাঁকির অভিযোগে করা একটি মামলায় সাবেক ১০ শুল্ক কর্মকর্তাকে জামিন দেন।এক দশকের বেশি সময় আগে ২০০১ সালের ১৯ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো এই মামলা করেন। মামলায় বলা হয়, আসামিরা আমদানি করা শুল্কমুক্ত কাপড় বাইরে বিক্রি করে দিয়ে ১৫ কোটি ৪২ লাখ ৫৪ হাজার ৫৬৮ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছেন। আরও বলা হয়, আসামিরা দুর্নীতি করে অস্তিত্বহীন একটি প্রতিষ্ঠানের পক্ষে বন্ডেড ওয়্যারহাউস সনদ নবায়ন করেন এবং প্রতিবেদন দেন।