জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজির হননি। গতকাল বৃহস্পতিবার দুটি মামলায় খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আগামী ৬ এপ্রিল এবং চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার ১৩ এপ্রিল নতুন তারিখ ধার্য করেন। গতকাল দুটি মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য উপস্থাপনের দিন ধার্য ছিল। দুটি মামলায় ধার্য তারিখে খালেদা জিয়া হাজির না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে আদালত সতর্ক করে দেন।
পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠ-সংলগ্ন অস্থায়ী ভবনে স্থাপিত বিশেষ এজলাসে এই দুটি মামলার বিচারকাজ চলছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি দায়ের করা হয় ২০০৮ সালের ৩ জুলাই। রাজধানীর রমনা থানায় দুদক মামলাটি দায়ের করে। মামলায় জিয়া অরফানেজ ট্রাস্টের নামে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। দুদক তদন্ত শেষে ২০১০ সালের ৫ আগস্ট অভিযোগপত্র দেয়।