দুর্নীতি মামলায় মান্নান ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ
সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ও বহিষ্কৃত বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াকে গতকাল সোমবার ভৈরব সেতুসংক্রান্ত দুর্নীতি মামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি তদন্ত দল। তদন্তকারী দল মান্নান ভূঁইয়াকে এক ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে।গতকাল বেলা ১১টার দিকে দুদকের সহকারী পরিচালক হারুনুর রশীদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল মান্নান ভূঁইয়ার বাসায় যান। ১২টার দিকে তাঁরা বেরিয়ে আসেন। এ বিষয়ে পরে মান্নান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘দুদকের কর্মকর্তারা ভৈরব সেতুর মামলার ব্যাপারে জানতে এসেছেন। এটি ছিল যোগাযোগ মন্ত্রণালয়ের প্রকল্প। ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রকল্পটি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। পরে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল এবং নিয়ম মেনেই সবকিছু করা হয়েছিল। আমি ওই কমিটির সদস্য ছিলাম। বিষয়গুলো আমি তদন্ত কর্মকর্তাদের বলেছি।’একই বিষয়ে তদন্ত কর্মকর্তা হারুনুর রশীদ প্রথম আলোকে বলেন, ‘ভৈরব সেতুর ব্যাপারে জানার জন্য আমরা তাঁর বাসায় গিয়েছিলাম। সেখানে আমরা দুই ঘণ্টা ছিলাম। তিনি নথিপত্র দেখেছেন এবং তাঁর বক্তব্য দিয়েছেন। আমরা তাঁর বক্তব্য রেকর্ড করেছি। তিনি কী বলেছেন, তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না।’ভৈরব সেতু দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুদক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও মান্নান ভূঁইয়াসহ সাবেক জোট সরকারের ১০ মন্ত্রীকে চিঠি দিয়েছে। অন্য সদস্যরা হলেন খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, নাজমুল হুদা, আলতাফ হোসেন চৌধুরী, আমিনুল হক, সালাউদ্দিন আহমেদ ও এ কে এম মোশাররফ হোসেন। এঁদের মধ্যে খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবী মাহবুবউদ্দিন খোকন রোববার দুদকের কর্মকর্তাদের কাছে চিঠির জবাব পৌঁছে দিয়েছেন। নাজমুল হুদা সশরীরে দুদকে গিয়ে তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।