দুর্নীতি মামলায় মির্জা আব্বাসের জামিন আপিলে বহাল
সাংবাদিকদের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের জামিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিলের অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) খারিজ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। মির্জা আব্বাসের পক্ষে ছিলেন জয়নুল আবেদীন ও সগীর হোসেন।
পরে সগীর হোসেন সাংবাদিকদের বলেন, মির্জা আব্বাসের বিরুদ্ধে যে কটি মামলা ছিল, সবগুলোতে তিনি জামিন পেয়েছেন। ফলে মির্জা আব্বাসের মুক্তিতে আর আইনি বাধা নেই।
মির্জা আব্বাস গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী থাকাকালে সাংবাদিকদের প্লট বরাদ্দে প্রায় সাড়ে ১৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন—এমন অভিযোগ এনে ২০১৪ সালে শাহবাগ থানায় দুর্নীতির এই মামলাটি করে দুদক। এই মামলাটিসহ ২০১৫ সালে মতিঝিল থানায় করা নাশকতার দুটি মামলায় গত ৬ জানুয়ারি নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন মির্জা আব্বাস। তখন আদালত তাঁকে কারাগারে পাঠান।
এর মধ্যে নাশকতার দুটি মামলায় গত ১৫ ফেব্রুয়ারি মির্জা আব্বাস হাইকোর্ট থেকে জামিন পান। আর ৯ মার্চ শাহবাগ থানায় করা প্লট দুর্নীতির মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত মির্জা আব্বাসের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।
এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে যায়। ১৪ মার্চ আপিল বিভাগ জামিন স্থগিত করে দুদককে নিয়মিত লিভ টু আপিল করতে বলেন। গতকাল আপিল বিভাগ দুদকের করা লিভ টু আপিল খারিজ করেন।