দুর্নীতি রুখতে রাজনৈতিক দলে স্বচ্ছ গণতন্ত্র প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্রের একমাত্র বিকল্প আরও উন্নততর গণতন্ত্র। আর কোনো বিকল্প নেই। এই উন্নততর গণতন্ত্রের অন্যতম প্রধান পূর্বশর্ত দুর্নীতিবিরোধী পরিবেশ সৃষ্টি করা। এ জন্য দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। দুর্নীতি রুখতে রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বচ্ছ গণতন্ত্র প্রয়োজন।

গতকাল সোমবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক  ইফতেখারুজ্জামান খুলনা ও বাগেরহাটে মতবিনিময় সভায় এসব কথা বলেন। টিআইবির উদ্যোগে ওই সভা হয়।

খুলনার একটি হোটেলে ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনার শিক্ষাবিদ ও ভাষাসৈনিক বেগম মাজেদা আলী। এতে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনার সভাপতি শেখ আবদুল কাইয়ুম।

ইফতেখারুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হলে দুর্নীতি অনেকটা নিয়ন্ত্রণে আসবে। বাংলাদেশ ব্যাংকে যা হয়েছে তা ডিজিটাল দুর্নীতি। সুতরাং অবকাঠামো ডিজিটাল হওয়ার পাশাপাশি মানুষকেও দুর্নীতিমুক্ত হতে হবে। রাজনৈতিক দল বা ব্যক্তি বা যারাই ক্ষমতায় থাকুক না কেন, তারা ক্ষমতার অপব্যবহার করে লাভবান হলে দেশে দুর্নীতি কোনো দিন কমবে না। তাই দুর্নীতি রুখতে দলগুলোর মধ্যে স্বচ্ছ গণতন্ত্র প্রয়োজন।

খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ বলেন, ‘সমাজ থেকে দুর্নীতি কখনো পুরোপুরি বন্ধ করা যায় না। তবে নিয়ন্ত্রণের চেষ্টা করা যায়। সরকারের পক্ষ থেকে দুর্নীতি প্রতিরোধের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুর্নীতি রুখতে আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে।’

বাগেরহাট শহরের হোটেলে একই বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাক বাগেরহাটের সভাপতি রামকৃষ্ণ বসু। এতে স্বাগত বক্তব্য দেন সনাক বাগেরহাটের শিক্ষাবিষয়ক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক চৌধুরী আবদুর রব।

এখানে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আন্তর্জাতিক সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশের ৫৭ শতাংশ মানুষ সুযোগ পেলে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে চায়। দেশের এই বৃহৎসংখ্যক মানুষকে এই সুযোগ করে দিতে হলে স্থানীয় পর্যায় থেকে দুর্নীতিবিরোধী আন্দোলন শুরু করতে হবে।

দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশের বর্তমান অবস্থা বিষয়ে আলোকপাত করে ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা এখনো দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারিনি। বরং দুর্নীতি বাড়ছে। তবে আশার কথা এই যে দুর্নীতি দমনের চাহিদা সৃষ্টি হয়েছে। দেশে দুর্নীতি দমন কমিশনের মতো একটি প্রতিষ্ঠান স্থাপন করা সম্ভব হয়েছে। দুর্নীতি দমনে অত্যন্ত সহায়ক “তথ্য অধিকার আইন” প্রণয়ন করা গেছে। এমনকি বাংলাদেশ জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদে স্বাক্ষরও করেছে।’