দুর্নীতি রুখে দেশপ্রেমিক মানুষ হওয়ার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি রুখে দেশপ্রেমিক কর্মঠ মানুষ হওয়ার অঙ্গীকার করেছে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা এ সময় মাদক, ইভ টিজিং, এসিড নিক্ষেপ ও শিক্ষাঙ্গনে সন্ত্রাসকে ‘না’ বলে এবং এগুলো প্রতিরোধের শপথ নেয়। প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির যৌথ আয়োজনে গতকাল বুধবার সাতক্ষীরা ও মেহেরপুর জেলায় পৃথক সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীরা এ শপথ নেয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র দেওয়া হয়। সাতক্ষীরা: শহরের শিল্পকলা একাডেমীর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা ও জেলার বাইরের এক হাজার ৪৫২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে দেবহাটা মাধ্যমিক বিদ্যালয়ের কৃতী ছাত্র হাবিবুর রহমান বলে, ‘সমৃদ্ধ দেশ গড়তে আমাদের আরও শাণিত হয়ে এগিয়ে যেতে হবে।’ সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ নিমাই চন্দ্র মণ্ডল বলেন, ‘এসএসসির ভালো ফল ধরে রাখতে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদেরও পরিশ্রম করতে হবে।’ তিনি অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান। একই কলেজের অধ্যাপক অলিউর রহমান বলেন, ‘ছাত্রছাত্রীরা এখনও কোচিং সেন্টারের ওপর নির্ভরশীল।’ রবির সাতক্ষীরার আঞ্চলিক ব্যবস্থাপক প্রবীর কুমার রায় বলেন, ‘প্রথম আলোর সামাজিক আন্দোলনের চিন্তাধারা আমাদের মুগ্ধ করেছে। তাই আমরাও তাদের আন্দোলনের অংশীদার হয়েছি।’ প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক এম এ ওয়ারেছ বলেন, ‘প্রথম আলো শুধু কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেয় না, প্রতিষ্ঠানটি বন্যার্ত, মঙ্গাপীড়িত ও আইলাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রতিরোধ গড়ে তুলেছে এসিড সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক সমরেশ দাশ, কৃতী শিক্ষার্থী হীরা রানী মজুমদার, ইমরান হোসেন, ইব্রাহীম হোসেন ও সাবিয়া সুলতানা। ভালো ফলের স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও কলারোয়া পাইলট হাইস্কুলকে সম্মাননা স্মারক দেওয়া হয়। মেহেরপুর: পৌর কমিউনিটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক মো. আবদুর রশিদ কৃতী শিক্ষার্থীদের গবেষণার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান জানান।মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আফতাব উদ্দিন বলেন, ‘প্রকৃত শিক্ষায় বেড়ে উঠলে সেই শিক্ষার্থী কখনোই শিক্ষাঙ্গনে সন্ত্রাস সৃষ্টি করতে পারে না। তাই তোমরা প্রকৃত শিক্ষা অর্জন করো।’ মেহেরপুর পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীম বলেন, শুধু পাঠ্যপুস্তক পড়ে ভালো ফল অর্জন করা গেলেও সুনাগরিক হওয়া যায় না। কৃতী শিক্ষার্থী সেকুফে তামান্না তার বক্তব্যে বলে, প্রথম আলোর আলোয় আপন শক্তিতে আমরা দেশ আলোকিত করতে চাই। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রবির আঞ্চলিক ব্যবস্থাপক পার্থ সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক আসলাম হোসেন, মেহেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আহসান আলী, শিক্ষক আবদুল মালেক, গাংনী কলেজের শিক্ষক রফিকুর রশিদ রিজভী, গাংনী মডেল স্কুলের শিক্ষক সিরাজুল ইসলাম, মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, মেহেরপুর আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আনছার উদ্দিন বেলালী, শিক্ষাবিদ আ ক ম ইসমাইল হোসেন, আবদুর রাজ্জাক খাঁন, কৃতী শিক্ষার্থী সাদিয়া আফরোজ, রাশেদুজ্জামান, হোসেনুজ্জামান প্রমুখ।ভালো ফলের স্বীকৃতিস্বরূপ গাংনী মডেল হাইস্কুল, মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও সরকারি উচ্চ বালক বিদ্যালয়কে সম্মাননা স্মারক দেওয়া হয়।