দুর্নীতি প্রতিরোধে নারীদের এগিয়ে আসতে হবে। একজন নারীই তাঁর স্বামী, সন্তান ও পরিবারের অন্য সদস্যদের দুর্নীতিমুক্ত রাখার ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করতে পারেন। পরম মমত্ববোধ, দৃঢ় মনোভাব ও ইস্পাতকঠিন মনোবল দিয়ে তিনি তাঁর পরিবারকে দুর্নীতিমুক্ত রাখতে পারেন। পরিবার দুর্নীতিমুক্ত হলে সমাজ ও রাষ্ট্র ক্রমান্বয়ে অসততা থেকে মুক্ত হবে।
গতকাল বুধবার কুমিল্লা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুমিল্লা নগরের ধনেশ্বর উচ্চবিদ্যালয় মাঠে এ সভা হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমীর আলী চৌধুরীর সভাপতিত্বে সভায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কুমিল্লা সভাপতি মমিনুল হক চৌধুরী, দুর্নীতি দমন কমিশন কুমিল্লার উপপরিচালক আবুল কালাম আজাদ, রোটারি ক্লাবের গভর্নর দিলনাশি মোহসেন, বেসরকারি উন্নয়ন সংস্থা এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহ মো. আলমগীর খান, সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সভাপতি আলী আকবর মাসুম ও ধনেশ্বর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ বক্তব্য দেন।
সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা ওই অনুষ্ঠান উপভোগ করেন।