
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সাইফুজ্জামান চৌধুরী। আওয়ামী লীগের প্রয়াত সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ আখতারুজ্জামান চৌধুরীর বড় ছেলে। বাবার মৃত্যুর পর উপনির্বাচনের মাধ্যমে নবম সংসদের সদস্য হন তিনি। সদ্য সমাপ্ত দশম জাতীয় সংসদ নির্বাচনেও জিতেছেন আনোয়ারা আসন থেকে। এবার প্রাপ্তির খাতায় বিরাট যোগ—নতুন সরকারের ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, আনোয়ারা থেকেও এই প্রথম মন্ত্রিসভায় ঠাঁই। তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রত্যাশা নিয়ে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।
প্রথম আলো: আপনার সংসদ সদস্য হওয়ার অভিজ্ঞতা মাত্র এক বছরের কিছু বেশি। এখন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব। এই চ্যালেঞ্জটা কীভাবে দেখছেন?
সাইফুজ্জামান: অবশ্যই চ্যালেঞ্জ আছে। এটি খুব বড় মন্ত্রণালয় না, তবে অনেক গুরুত্বপূর্ণ। ১৬ কোটি মানুষের দেশ এটা। জমিজমাসংক্রান্ত সমস্যা প্রকট। আমার পরিকল্পনা হচ্ছে সেবাদানের পদ্ধতি উন্নত করা। জনগণকে অনলাইনের মাধ্যমে সেবা পৌঁঁঁছে দেওয়া। প্রতিবেশী দেশগুলো এ ক্ষেত্রে এগিয়েছে। সেই অভিজ্ঞতা থেকে পদ্ধতি উন্নত করার মাধ্যমে আমি দুর্নীতিটা রোধ করতে চাই।
প্রথম আলো: নবম মন্ত্রিসভার চট্টগ্রামের অনেক বাঘা বাঘা মন্ত্রী বাদ পড়েছেন। তাঁদের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। সে দৃষ্টিকোণ থেকে পাঁচ বছর পর আপনাদের মূল্যায়ন হবে। অতীত থেকে কীভাবে শিক্ষা নেবেন?
সাইফুজ্জামান: অন্যদের বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে আমি তিনটি জিনিসে বিশ্বাস করি—সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতে। আমি সততার বিষয়ে কোনো ধরনের আপস করতে চাই না। শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছি। পাশাপাশি বলেছি, আমি দোয়া চাই সৎ এবং স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য।
প্রথম আলো: নতুন মন্ত্রিসভার তরুণ সদস্যদের একজন আপনি। সে ক্ষেত্রে অভিজ্ঞতার দিক থেকে কোনো সমস্যায় পড়তে হবে কি না? কারণ, দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্য নিয়ে আছেন, কিন্তু ভূমি মন্ত্রণালয়টি আপনার জন্য নতুন।
সাইফুজ্জামান: দেখুন, মন্ত্রী হিসেবে আমি নতুন। কিন্তু আপনারা জানেন আমি চট্টগ্রাম চেম্বারসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত অনেক আগে থেকেই। সে ক্ষেত্রে কোনো সমস্যা হবে বলে মনে করি না। আর প্রধানমন্ত্রী হয়তো এই সেক্টরে আমার ওপর আস্থা রেখেছেন। আমিও মনে করি, কাজ করতে চাইলে যেকোনো সেক্টরে করা যায়।
প্রথম আলো: নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি কতটা রক্ষা করেছেন? ভবিষ্যতের পরিকল্পনা কী?
সাইফুজ্জামান: আমার বাবাও অনেক কাজ করে গেছেন। আমি বাবার অসমাপ্ত কিছু কাজ সম্পন্ন করেছি। আরও অনেক বাকি আছে। আনোয়ারা-পশ্চিম পটিয়ার ৯০ শতাংশ বিদ্যুতায়ন করার পাশাপাশি গ্রামের কাঁচা সড়ক আর দেখতে চাই না। আনোয়ারা কলেজ সরকারীকরণের একটি চেষ্টা থাকবে। আনোয়ারায় ইতিমধ্যে অনেক শিল্প-কারখানা হয়েছে। আরও যাতে বিদেশি বিনিয়োগ এখানে বাড়ানো যায়, সেদিকে দৃষ্টি দেব। চট্টগ্রামের মন্ত্রী হিসেবে আমাকে সার্বিক উন্নয়নের দায়িত্বও পালন করতে হবে।
প্রথম আলো: সম্প্রতি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কিছু প্লট বরাদ্দ দিয়েছে বিশিষ্টজনদের। একটি আপনিও পেয়েছেন। এ নিয়ে সমালোচনাও আছে।
সাইফুজ্জামান: সিডিএ অন্য সাংসদদের মতো আমাকেও আবেদন করতে বলেছে, এ জন্য করেছি। প্রক্রিয়াটি আইনসিদ্ধ বলে সিডিএ আমাকে জানিয়েছে। বাজারমূল্যে এটা নিয়েছি। হয়তো আমাদের বেলায় লটারি হয়নি। তবে ভূমি প্রতিমন্ত্রী হওয়ার পর যদি দিত তাহলে নিতাম না।
প্রথম আলো : আপনাকে অভিনন্দন ও ধন্যবাদ।
সাইফুজ্জামান: আপনাকেও ধন্যবাদ।