দুর্নীতি রোধে কৌশলপত্র তৈরি হবে: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, সুশাসন প্রতিষ্ঠায় করণীয় স্থির ও দুর্নীতি রোধে একটি কৌশলপত্র করা হবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’-এর খসড়া নিয়ে অনুষ্ঠিত এক সভার পর স্পিকার সাংবাদিকদের এ কথা বলেন।মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, সুশাসন, মৌলিক মানবাধিকার, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং আর্থসামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে শুদ্ধাচার কৌশল তৈরি করা হচ্ছে।স্পিকার বলেন, দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী করতে হবে। দুর্নীতির বিচার দ্রুত শেষ করার ব্যবস্থা করতে হবে।মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, গত বছরের জুনে শুদ্ধাচার কৌশলের একটি খসড়া মন্ত্রিপরিষদ সভায় তোলা হলে এ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আলোচনার সিদ্ধান্ত হয়। এরই আলোকে গতকালের সভাটি হয়। সভায় স্পিকার আরও বলেন, তথ্য অধিকার আইন ও সুশাসনের ক্ষেত্রে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানের সভাপতিত্বে সভায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঁইয়া, কয়েকজন সাংসদ, কয়েকটি মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জাতীয় শুদ্ধাচার কৌশলের খসড়ায় ১০টি রাষ্ট্রীয় ও সাতটি অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে শুদ্ধাচার প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকাধারী হিসেবে চিহ্নিত করা হয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হলো: জাতীয় সংসদ, নির্বাচন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সরকারি কর্মকমিশন, ন্যায়পাল, নির্বাহী বিভাগ ও জনপ্রশাসন, বিচার বিভাগ, স্থানীয় সরকার এবং দুর্নীতি দমন কমিশন। অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হলো: পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সুশীল সমাজ, রাজনৈতিক দল, এনজিও, বেসরকারি খাত ও গণমাধ্যম।