দুর্নীতি রোধে মানসিকতা পরিবর্তন জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি রোধ করতে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, ব্যক্তি মানসিকতার পরিবর্তনও জরুরি। যেকোনো রাষ্ট্র ও রাজনৈতিক সংস্কৃতি থেকে দুর্নীতির মূলোৎপাটনের ক্ষেত্রে ভাবাবেগমুক্ত হয়ে বিচক্ষণতার সঙ্গে প্রয়াস চালাতে হবে। জার্মানির ডুসেলডফের হাইনরিখ হাইন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উলরিখ ফন আলেমন গতকাল রোববার এক বক্তৃতায় এ অভিমত দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘রাজনৈতিক দল, তার অর্থায়ন ও দুর্নীতি’ শীর্ষক বক্তৃতায় এই বিশিষ্ট জার্মান রাষ্ট্রবিজ্ঞানী মূল প্রবন্ধ পড়েন। তাঁর বক্তৃতায় ইউরোপ ও জার্মান প্রেক্ষাপটে রাজনৈতিক দলের অর্থায়ন, রাজনৈতিক সংস্কৃতি ও দুর্নীতির বিষয়গুলো উঠে আসে। পাশাপাশি দুর্নীতি থেকে কীভাবে বেরিয়ে আসা উচিত সে ব্যাপারেও তিনি মন্তব্য করেন। কলাভবনের আরসি মজুমদার স্মৃতি মিলনায়তনে যৌথভাবে এ বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজ (আইজিএস) ও ঢাকায় জার্মান দূতাবাস। উলরিখ ফন আলেমন বলেন, নির্বাচনী প্রচারণার সময় রাজনৈতিক দলগুলো অহেতুক মাত্রাতিরিক্ত টাকা ব্যবহার করে। তারা মনে করে, টাকার ব্যবহার কম হলে ক্ষমতায় যাওয়ার সুযোগ কমবে। মূলত ক্ষমতা ব্যবহারের চিন্তা থেকেই টাকার অপ্রয়োজনীয় ব্যবহারের বিষয়টি আসে। জার্মানির রাজনৈতিক দলগুলোর সংস্কারের লক্ষ্যে গঠিত বিশেষজ্ঞ কমিটির অন্যতম এই সদস্য বলেন, অতীতে তাঁর দেশে রাজনৈতিক দলগুলোর টাকার উৎস নিয়ে কেলেঙ্কারির নজির আছে। এই প্রেক্ষাপটে কয়েক বছর আগে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড পরিচালনায় বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। উলরিখ ফন আলেমন জানান, সদস্যদের চাঁদা, ছোট-বড় দাতাদের অনুদান ও রাষ্ট্রীয় ভর্তুকি—এই তিন উপায়ে জার্মানে রাজনৈতিক দলগুলো তহবিল সংগ্রহ করে। জার্মানের যেকোনো রাজনৈতিক দলের খরচের অর্ধেক জোগায় রাষ্ট্র। দুর্নীতি রোধের উপায় সম্পর্কে বলতে গিয়ে তিনি বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন। জার্মান দূতাবাসের উপ-রাষ্ট্রদূত রল্ফ ডি রাইনহার্ড বলেন, ‘এ বছর জার্মান পুনরেকত্রীকরণের দুই দশক পূরণ হতে চলেছে। এ সময় অনেক পরিবর্তন হয়েছে। আমরা নতুন এক চ্যালেঞ্জ মোকাবিলা করছি। এই প্রেক্ষাপটে আজকের এই আলোচনা আমাদের অভিজ্ঞতা বিনিময়ে সহায়তা করবে।’ সভাপতির বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হারুন-অর রশিদ বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থায় দুর্নীতি নিয়ে কথা বলা যায়, সংসদে বিতর্ক করা যায়। কিন্তু স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় দুর্নীতি নিয়ে মানুষের কথা বলার সুযোগ নেই। তিনি বলেন, দুর্নীতি দূর করার ক্ষেত্রে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পাশাপাশি বিচার বিভাগকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে হবে। অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক শওকত আরা হোসেন ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইজিএসের মনজুর হাসান বক্তৃতা করেন।