দুর্নীতি রোধে রাঙ্গুনিয়ায় হাজার মানুষের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গত বৃহস্পতিবার দুর্নীতিবিরোধী সমাবেশ ও শোভাযাত্রা হয়েছে। পৌরসভা সদরের ইছামতি কমিউনিটি সেন্টারে এই সমাবেশ হয়। সমাবেশে সহস্রাধিক নারী-পুরুষ দুর্নীতি রোধে কাজ করার অঙ্গীকার করেন।সরকারের দুর্নীতি-বিরোধী অভিযানের অংশ হিসেবে ইউএসএআইডি-প্রগতি কর্মসূচির আওতায় ডেমোক্রেসি ওয়াচ ও উন্নয়ন সংস্থা এওয়াকের সহযোগিতায় রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভায় দুর্নীতি রোধে এ সমাবেশ হয়।বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ইছামতি কমিউনিটি সেন্টারে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) তানভীর আজম সিদ্দীকি। রাঙ্গুনিয়ার পৌর মেয়র নুরুল আমিন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিনবোধি ভিক্ষু। রাঙ্গুনিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম ও নারী কাউন্সিলর দিলরুবা খানমও সমাবেশে বক্তব্য দেন।সমাবেশে ইউএনও বলেন, দুর্নীতি কোনো ব্যাধি নয়। এটা খারাপ অভ্যাস মাত্র। ইচ্ছা করলে এ অভ্যাস ত্যাগ করা যায়। এ জন্য নিজের সত্তায় লুকিয়ে রাখা সততা ও নিষ্ঠাকে জাগিয়ে তুলতে হবে। অন্যদিকে মা ছেলেকে, বোন ভাইকে, স্ত্রী স্বামীকে সততা ও নিষ্ঠার সঙ্গে জীবনযাপনে প্রেরণা যোগালে দুর্নীতি অবশ্যই লোপ পাবে।সমাবেশে রাঙ্গু-নিয়ার বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রী, ব্যবসায়ী, চাকরিজীবী, ক্রীড়া, সাংস্কৃতিক ও নারী সংগঠনের সহস্রাধিক সদস্য দাঁড়িয়ে হাত উঁচিয়ে দুর্নীতি রোধে কাজ করার অঙ্গীকার করেন। সমাবেশ শেষে সন্ধ্যা সাড়ে ছয়টায় শহরে দুর্নীতিবিরোধী একটি শোভাযাত্রা বের হয়। সন্ধ্যা সাতটায় ইছামতি কমিউনিটি সেন্টারে সাংস্কৃতিক অনুষ্ঠানে দুর্নীতিবিরোধী জনসচেতনতামূলক সংগীত পরিবেশন করা হয়।