দুর্নীতি রোধে রাজউকের নথি ডিজিটাল করার কাজ চলছে
দুর্নীতি, ঘুষ লেনদেন এবং নথি গায়েবের ঘটনা রোধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নথিপত্র ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের কাজ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।মমতাজ বেগমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, রাজউকের নথি হারানো রোধ করতে সরকার ডিজিটাল পদ্ধতিতে নথি সংরক্ষণের কাজ শুরু করেছে। এরই মধ্যে গুলশান-বনানী-বারিধারার তিন হাজার ৮৪৮টি নথির সাত লাখ ৭৭ হাজার ৭৩ পৃষ্ঠার সংরক্ষণকাজ শেষ হয়েছে। এ ছাড়া উত্তরা, পূর্বাচলসহ অন্যান্য আবাসিক, বাণিজ্যিক ও শিল্প এলাকার এবং নকশা অনুমোদন ও অন্যান্য শাখার ১৮ হাজার নথির ১৮ লাখ পৃষ্ঠা ডিজিটাল করে সংরক্ষণ করার কাজ ২০১১ সালের মধ্যে শেষ হবে।আবদুল লতিফের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, বর্তমানে দেশে কওমি মাদ্রাসা স্থাপনের ক্ষেত্রে সরকার বা শিক্ষা বোর্ডের অনুমতির প্রয়োজন হয় না। যে কারণে ব্যক্তিবিশেষের উদ্যোগে কওমি মাদ্রাসা স্থাপন বা পরিচালিত হয়ে থাকে। ভবিষ্যতে সরকারি ব্যবস্থাপনায় কওমি মাদ্রাসা পরিচালনার পরিকল্পনা সরকারের রয়েছে।অপু উকিলের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশের প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সদিচ্ছা সরকারের আছে। ইমাজউদ্দিন প্রামাণিকের প্রশ্নের জবাবে তিনি জানান, সরকার অনুমোদিত সর্বস্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বেতন-ভাতা বাবদ ২০০৯-১০ অর্থবছরে চার হাজার ৮৪৪ কোটি চার লাখ ৯৮ হাজার ৫০০ টাকা ব্যয় হয়েছে।সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন জানান, ২০১৮ সালের মধ্যে দেশের প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা চালুর বিষয়ে ৬২ হাজার কম্পিউটার সরবরাহের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ জানান, বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গার্মেন্টস-শ্রমিক অসন্তোষ সৃষ্টির অভিযোগে একাধিক মামলা রয়েছে। সংস্থাটি অনুমোদন ছাড়াই ঢাকার বাইরে কাজ করছে। যে কারণে এর নিবন্ধন বাতিল হবে কি না, তা নিয়ে শুনানি চলছে।