পদ্মার ওপর সেতু তৈরির প্রক্রিয়া নিয়ে কী ধরনের দুর্নীতি বা অনিয়মের অভিযোগ উঠেছে, তা জানতে বিশ্বব্যাংকের কাছে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল শুক্রবার কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান এ কথা জানান। গোলাম রহমান গতকাল বিবিসিকে বলেছেন, তাঁরা এ ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য একজন কর্মকর্তাকে দায়িত্বও দিয়েছেন।এর আগে বিভিন্ন পত্র-পত্রিকায় খবর প্রকাশিত হয় যে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক নিয়োগের ক্ষেত্রে কিছু অনিয়মের অভিযোগের ব্যাপারে কানাডিয়ান পুলিশকে তদন্তের অনুরোধ করেছে। দুদক বলছে যে তথ্য পাওয়া গেলে তারা নিজেরাও একটি তদন্তের প্রক্রিয়া শুরু করতে পারে। কমিশনের চেয়ারম্যান বলেন, ‘আমরা বিশ্বব্যাংকের কাছে অনুরোধ করেছি, অভিযোগটা কী? এবং এরই মধ্যে যদি কানাডিয়ান পুলিশের তদন্তের কিছু ফলাফল থেকে থাকে, তা যেন আমাদের জানানো হয়। যাতে আমরাও একই ধরনের পদক্ষেপ নিতে পারি। এ জন্য আমরা একজন তদন্তকারী কর্মকর্তা ইতিমধ্যে নিয়োগ করেছি।’শুধু বিশ্বব্যাংকের কাছেই আপনারা জানতে চেয়েছেন, এ প্রশ্নের জবাবে গোলাম রহমান বলেন, ‘প্রাথমিকভাবে আমরা বিশ্বব্যাংকের কাছেই জানতে চেয়েছি। তাদের কাছ থেকে উত্তর পাওয়ার পর যদি প্রয়োজন হয় কানাডিয়ান পুলিশকেও তথ্য-উপাত্ত সরবরাহ করার অনুরোধ জানাব। আমরা নিজেরাও খোঁজখবর নিচ্ছি। অভিযোগটি জানার পর এর সঙ্গে যেসব সংস্থা বা প্রতিষ্ঠান জড়িত আছে, তাদের কাছ থেকেও তথ্য-উপাত্ত নেওয়া হবে। এ জন্য ইতিমধ্যে একজন অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।’ এ ব্যাপারে কি সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আপনাদের যোগাযোগ হয়েছে বা আপনারা সহযোগিতা চেয়েছেন, এ প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা তো সরকারের সঙ্গে যোগাযোগ করে কিছু করি না। আমরা যা কিছু করি স্বাধীনভাবে করি।’