দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, ‘নানা চেষ্টার ফলে বাংলাদেশের দুর্নীতি সামান্য কমেছে। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত একনাগাড়ে পাঁচ বছর সারা বিশ্বে আমরা (বাংলাদেশ) দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিলাম। এখন সেই অবস্থায় নেই বাংলাদেশ। ১ নম্বর থেকে নেমে বাংলাদেশ ১৬-১৭ নম্বরে অবস্থান করছে। অবশ্য এতে আত্মতুষ্টির কোনো কারণ নেই। দুর্নীতি আরও কমাতে হবে।’
গতকাল মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক সম্মেলনকক্ষে ‘জেলা পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ এবং জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিগুলোর সঙ্গে দুর্নীতি প্রতিরোধবিষয়ক’ মতবিনিময় সভায় দুদকের চেয়ারম্যান এসব কথা বলেন। তিনি বলেন, দুদক এখন স্বাধীনভাবে কাজ করছে। সরকারের অনুমতি ছাড়াই দুর্নীতির তদন্ত ও প্রতিবেদন প্রকাশ করছে। তদন্ত থেকে সরকারি কর্মকর্তা, মন্ত্রী, সাংসদ—কেউই রেহাই পাচ্ছেন না।
জেলা প্রশাসক মো. রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. আজাদ মিয়া, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী প্রমুখ। সভায় মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া অভিযোগ করেন, দুদকের কমিটি অথবা কার্যালয়ের ছোট-বড় অনেক কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িত। তাই দুর্নীতির অভিযোগ করলে কোনো প্রতিকার পাওয়া যায় না। এই অবস্থা চলতে থাকলে দেশে দুর্নীতি আরও বাড়বে।
জবাবে দুদকের চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে দুদকের দল নিয়মিত সরকারি দপ্তরে হানা দিচ্ছে। বিশেষ করে রাজউক, এলজিইডি, ভূমি অফিস, পৌরসভা ও সিটি করপোরেশনগুলোতে বেশি দুর্নীতি হচ্ছে। সারা দেশে এখন ফরমালিন-আতঙ্ক। এটাও একটা দুর্নীতি। এসব প্রতিরোধের মাধ্যমে আমরা দেশ থেকে দুর্নীতি মুছে ফেলার চেষ্টা করছি। তবে ফল পেতে কিছুটা সময় লাগবে।’