দুর্নীতি হলে শাস্তির বিধান রাখার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু তহবিল ব্যবহারে দুর্নীতি হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির বিধান রাখতে হবে। তহবিলের অর্থ ছাড়, প্রকল্প নির্বাচন, মূল্যায়ন, অনুমোদন ও বাস্তবায়ন-প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এক মতবিনিময় সভায় এ সুপারিশ করা হয়েছে। গতকাল রোববার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা-সংক্রান্ত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।টিআইবির চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। ইফতেখারুজ্জামান বলেন, শুরু থেকেই জলবায়ু তহবিল নিয়ে অনিয়ম ও দুর্নীতির আশঙ্কা করা হচ্ছে। প্রথম আলোসহ বিভিন্ন দৈনিকে এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে। সরকারের উদ্যোগে এরই মধ্যে প্রায় দুই হাজার ১০০ কোটি টাকার ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। এই টাকা স্বচ্ছতার সঙ্গে ও সঠিকভাবে ব্যয় করতে না পারলে ভবিষ্যতে তহবিল পাওয়া কঠিন হয়ে যাবে।ইফতেখারুজ্জামান বলেন, সরকারি ব্যবস্থাপনায় ট্রাস্ট তহবিল থেকে এ পর্যন্ত বিভিন্ন প্রকল্পে প্রায় ৪৫৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা মোট বরাদ্দের ৯৬ শতাংশ। অন্যদিকে এনজিওগুলোর জন্য প্রস্তাবিত বরাদ্দের পরিমাণ মাত্র ১৮ কোটি ৪৯ লাখ টাকা, যা মোট বরাদ্দের প্রায় ৪ শতাংশ।সরকারি দলের সাংসদ সাবের হোসেন চৌধুরী বলেন, ‘সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কাছে জলবায়ু তহবিল-সংক্রান্ত তথ্য চেয়েও পাওয়া যায়নি। পরে দৈনিক পত্রিকার প্রতিবেদন থেকে আমাদের তথ্য সংগ্রহ করতে হয়েছে। জলবায়ু তহবিল থেকে বরাদ্দ পেতে নীতিগত অনুমোদন পাওয়া এনজিওগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো নীতিমালা অনুসরণ করা হয়নি।’অনুষ্ঠানে ড. আতিক রহমান বলেন, জলবায়ু পরিবর্তন বাংলাদেশের উন্নয়নে সুদূরপ্রসারী ক্ষতিকর প্রভাব ফেলছে। এ-সংক্রান্ত অর্থায়ন ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কেননা, আন্তর্জাতিক মহলে এর ওপর প্রতিবেদন দিতে হবে। সুলতানা কামাল বলেন, সরকারের কোনো কাজের সমালোচনা করা কঠিন হয়ে গেছে। সমালোচনাকারীদের বিদেশি এজেন্ট ও দালাল বলে আক্রমণ করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সরকার ও জনগণের মধ্যে কার্যকর সেতুবন্ধ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে টিআইবির জলবায়ু-সংক্রান্ত নতুন প্রকল্প ‘জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা’-এর বিভিন্ন দিক তুলে ধরা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) উদ্যোগে ছয়টি দেশে এ প্রকল্প নেওয়া হয়েছে। দেশগুলো হচ্ছে—বাংলাদেশ, ডমিনিকান রিপাবলিক, কেনিয়া, মালদ্বীপ, মেক্সিকো ও পেরু।