দুর্নীতি হলে সেটা তদন্ত করে বলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওর এলাকায় বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগের বিষয়ে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, দুর্নীতি বা অনিয়ম হয়নি তা তিনি বলছেন না। যারা চুরি করবে তাদের অবশ্যই ধরা হবে। তবে দুর্নীতি হলে সেটা তদন্ত করে বলতে হবে। তদন্ত প্রমাণের আগে মানুষকে খুশি করার রাজনীতি করার জন্য ঢালাওভাবে প্রতিষ্ঠান ধ্বংস করা উচিত নয়।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে সরকারি দলের মুহিবুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, অনেকে প্রকৃত তথ্য না জেনে রাজনীতির নামে মানুষকে খুশি করার জন্য কোটি কোটি টাকার দুর্নীতি-লুটপাটের কথা বলছেন। হাওর অঞ্চলে বাঁধের জন্য বরাদ্দ হয়েছে ২০ কোটি টাকা। এর মধ্যে রক্ষণাবেক্ষণে খরচ হয়েছে ৯ কোটি টাকা। অথচ বলে দেওয়া হলো, কোটি কোটি টাকার লুটপাটের কথা।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি ইঙ্গিত করে মন্ত্রী বলেন, সরকারি একটি প্রতিষ্ঠান সেখানে তদন্তে গেল। তাদের জানানো হলো, ইঁদুর গর্ত করার কারণে বাঁধ ভাঙতে পারে। এটা শুনে তারা হেসে উড়িয়ে দিল। প্রতিটি বিষয়ের আলাদা কিছু ধরন রয়েছে। এগুলো না জেনে এভাবে হেসে উড়িয়ে দিলে হয় না। তিনি বলেন, হাওর অঞ্চলে ১ হাজার ৪৫৫ কিলোমিটার বাঁধ রয়েছে। এই দীর্ঘ বাঁধ দেখভালের জন্য মাত্র ১০ জন প্রকৌশলী আছেন।
সরকারি দলের হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী বলেন, পানি উন্নয়ন বোর্ডের কোনো প্রকার অনিয়ম, দুর্নীতি বা কোনো অবহেলার কারণে হাওরের বাঁধগুলো ভেঙে গেছে কি না, তা তদন্তে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত শেষে প্রতিবেদন দেবে। প্রতিবেদনে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থাসহ প্রতিবেদনের সুপারিশের আলোকে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হবে।
গঙ্গা ব্যারাজ নির্মাণ প্রকল্প বাতিল বিষয়ে বিএনএফের আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও সফল নেতৃত্বে গঙ্গা চুক্তি হয়েছে। আমরা পানি পাচ্ছি। এই পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য গঙ্গা ব্যারাজ প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। কিন্তু ব্যারাজ নিয়ে প্রশ্ন উঠেছে। এ জন্য আমরা উচ্চক্ষমতাসম্পন্ন একটি কমিটি করে দিয়েছি। ওই কমিটি পানির সর্বোত্তম ব্যবহারে যেসব সুপারিশ করবে তারপর ঠিক করা হবে এই বিষয়ে কী করা হবে।’