দুর্নীতিই জঙ্গিবাদসহ অনেক অপরাধের জন্ম দেয়: দুদক চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতিই জঙ্গিবাদসহ অনেক অপরাধের জন্ম দেয় বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেছেন, জঙ্গিবিরোধী অভিযানের সময় উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকা ব্যাংক ব্যবস্থার মধ্য দিয়েই জঙ্গিদের হাতে যাচ্ছে।
গতকাল রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ, ২০১৭-এর উদ্বোধনী অনুষ্ঠানে ইকবাল মাহমুদ এসব কথা বলেন। ‘দুর্নীতি হলে শেষ-নিজে বাঁচব, বাঁচবে দেশ’—এ প্রতিপাদ্য সামনে রেখে গতকাল শুরু হয়েছে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘পুলিশ বিগত সময়ে বিভিন্ন জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে, সেখানে প্রচুর অর্থ পাওয়া গেছে। এই অর্থ তো ব্যাংকিং সিস্টেম থেকেই আসে। টাকা তো হাওয়া থেকে আসে না।’ তিনি মনে করেন, নিয়মনীতি অনুযায়ী আর্থিক লেনদেন হলে জঙ্গি অর্থায়ন বন্ধ হবে। সে কারণে ব্যাংকগুলোকে নীতিমালা ও বিধিমালা মেনে পরিচালনা করার জন্য দুদকের পক্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
বেসিক ব্যাংক দুর্নীতি মামলার তদন্তসংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, ‘প্রতিটি মামলাই অত্যন্ত জটিল। আমরা এমনভাবে তদন্ত শেষ করতে চাই, যাতে প্রকৃত অপরাধীরা শাস্তি পায়। ব্যক্তি আমাদের কাছে মুখ্য বিষয় নয়।’
দুদক চেয়ারম্যান বলেন, ‘ক্ষমতা কিংবা বিত্ত-বৈভবের জোরে কেউ ছাড় পাবেন, সে সংস্কৃতি ইতিমধ্যেই ভেঙে দিয়েছি। আমরা কেউ-ই আইনের ঊর্ধ্বে নই। দুর্নীতি করলে কেউ-ই ছাড় পাবেন না কিংবা ছাড় দেওয়া হবে না।’
পরে দুদক মিডিয়া সেন্টারে ফিতা কেটে কার্টুন ও পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করেন ইকবাল মাহমুদ। কার্টুন ও পোস্টার প্রদর্শনী আগামী ১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। দুর্নীতিবিরোধী ১২২টি ব্যঙ্গাত্মক কার্টুন ও পোস্টার প্রদর্শন করা হচ্ছে।