দুর্নীতিকে ছাড় না দিতে গণমাধ্যমের প্রতি তথ্যমন্ত্রীর আহ্বান
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাজনীতিতে বড় দুর্নীতি হচ্ছে জঙ্গি ও অপরাধীদের গণতন্ত্রে হালাল করার অপচেষ্টা। তাই প্রশাসন ও রাজনীতিসহ কোনো ক্ষেত্রেই দুর্নীতিকে ছাড় না দেওয়ার জন্য তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।
আজ রোববার রাজধানীতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন আয়োজিত ‘দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম পুরস্কার-২০১৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ আহ্বান জানান। তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
অনুষ্ঠানে দৈনিক গ্রামের কাগজের ফয়সল ইসলাম, দৈনিক যুগান্তরের মুজিবুর রহমান, চ্যানেল ২৪ এর শামীমা সুলতানা এবং মাছরাঙা টেলিভিশনের কামরুজ্জামান ফিরোজের হাতে এ বছরের দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম পুরস্কার তুলে দেন মন্ত্রী। বক্তব্যের শুরুতেই তিনি পিআইবির প্রয়াত চেয়ারম্যান প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান মিলনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
বক্তব্যে মন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধী, জঙ্গি ও সাম্প্রদায়িকতা লালনকারী দল বা গোষ্ঠীকে গণতান্ত্রিক বলে আখ্যা দেওয়া সত্যের অপলাপ। দেশ এ বিষয়ে গণমাধ্যমের সাহসী উচ্চারণ কামনা করে।’
দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশন, তথ্য কমিশন, জাতীয় মানবাধিকার কমিশনসহ রাষ্ট্রের সংস্থাগুলোর পাশাপাশি বড় ভূমিকা পালন করে গণমাধ্যম। তাই গণমাধ্যমসহ সকল প্রহরী সংস্থাকে দুর্নীতিবাজদের সঙ্গে লেনদেনের ঊর্ধ্বে থাকতে হবে বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী।
দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) নাসির উদ্দীন আহমেদ এবং তথ্য সচিব মরতুজা আহমদ দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের দায়বদ্ধতা ও বস্তুনিষ্ঠতার ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক গোলাম রহমান, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীরসহ প্রমুখ অংশগ্রহণ করেন।