দুর্নীতিকে না বলো, টাকা দিয়ে কী হবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ক্যাডারদের দুর্নীতিমুক্ত থেকে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে বলেছেন। তিনি তাঁদের দুর্নীতিকে ‘না’ বলতে এবং চাটুকারিতা থেকে বিরত থাকতে বলেছেন।

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটশন অব বাংলাদেশ মিলনায়তনে ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ক্যাডারদের এক সংবর্ধনা অনুষ্ঠানে ওবায়দুল কাদের এই আহ্বান জানান।

নবাগত ক্যাডারদের উদ্দেশে যোগাযোগমন্ত্রী বলেন, ‘দুর্নীতি, স্বজনপ্রীতি ও চাটুকারিতাকে না বলো। এগুলো আমাদের জাতীয় শত্রু। মানুষ হতে চাইলে এটা করো। টাকা দিয়ে কী হবে? এক সেকেন্ডের ভরসা নেই। তুমি না বাঁচলে কে খাবে? নিজে যেমন হবে তোমার সন্তানও তেমন হবে।’

বর্তমান শিক্ষাব্যবস্থার সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন,  ‘আমাদের শিক্ষাব্যবস্থা কেমন যেন! যে শিক্ষাব্যবস্থা জীবন গড়তে শেখায় না, সেটা গন্ধ ছাড়া গোলাপের মতো। আজকাল গোলাপও হাইব্রিড হয়, কোনো গন্ধ নাই।’

সত্ ও দক্ষ লোক বিরল প্রজাতির প্রাণীর মতো হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘সচিবালয়ে দীর্ঘ এক যুগের অভিজ্ঞতা আমার। সচিবালয়ে সত্ লোক পেলে দক্ষ পাই না। দক্ষ লোক পেলে সততা পাওয়া যায় না। সত্ ও দক্ষ লোকেরা বিরল প্রজাতির প্রাণীর মতো হারিয়ে যাচ্ছে। এখন অধিকাংশ সময় সততা ও দক্ষতার দুর্ভিক্ষের মুখোমুখি হই। মন্ত্রণালয়ের বাংলা-ইংরেজি কোনো নথিই নির্ভুল পাই না।’

ওবায়দুল কাদের দাবি করেন, একটা মন্ত্রণালয়ের মন্ত্রী যদি দুর্নীতিমুক্ত হয়, তা হলে ওই মন্ত্রণালয় ৫০ ভাগ দুর্নীতিমুক্ত হবে। আর সে মন্ত্রণালয়ের সচিবও দুর্নীতিমুক্ত হলে ৭০ ভাগ দুর্নীতি কমে যাবে। তিনি বলেন, ‘আন্তর্জাতিক মানের কিছু মুখ থাকা সত্ত্বেও কেন আমাদের কপালে দুর্নীতির তিলক থাকবে। এটা দুর্ভাগ্যের। আমরা কখনো এ তকমা নিয়ে বাঁচতে চাই না।’

সাইফুরস কোচিং সেন্টারের চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সুলতান মাহমুদ, সাইফুরসের নির্বাহী পরিচালক এ টি এম মাহমুদ, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান খান প্রমুখ।