দুর্নীতিকে 'না' হাজারো মানুষের
দেশ গড়ার প্রয়োজনে দুর্নীতি রুখব সর্বজনে—প্রতিপাদ্য নিয়ে গতকাল শুক্রবার বিভিন্ন স্থানে দুর্নীতিবিরোধী সমাবেশ ও শপথ পাঠসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে স্থানীয় প্রশাসন এর আয়োজন করে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
‘দুর্নীতি করব না, দুর্নীতি মানব না, দুর্নীতি সইব না, দুর্নীতিকে না বলুন’—এ রকম নানা স্লোগানে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে সকালে সমাবেশ ও শপথ পাঠ অনুষ্ঠান হয়। বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন শেষে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। এতে শিক্ষার্থীসহ তিন হাজারের বেশি মানুষ শপথ পাঠ করেন।
সকাল নয়টার দিকে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে মানববন্ধন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশ নেয়। শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান। এর আগে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকারসহ অন্যরা। পরে ছোটবাজার থেকে কুড়পাড় এলাকায় জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত মানববন্ধন হয়।
শেরপুরের নকলায় একসঙ্গে তিন হাজার মানুষ দুর্নীতির বিরুদ্ধে শপথ নিয়েছে। দুপুরে উপজেলা সদরের মুক্তমঞ্চ মাঠে এর আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেনসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, টাঙ্গাইলের উপপরিচালক মো. তৌফিকুল ইসলাম লিখিত শপথবাক্য পাঠ করান। এর আগে একই স্থানে এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন হয়।
সভায় জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন বলেন, দুর্নীতি একটি দেশের অর্থনৈতিক অগ্রগতিকে পিছিয়ে দেয়।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দুপুর ১২টার দিকে বকশীগঞ্জ-জামালপুর সড়কের বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এতে প্রায় তিন হাজার শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, দুদকের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন, উপসহকারী পরিচালক এ কে এম নূরে আলম সিদ্দিকীসহ অন্যরা। এর আগে খয়ের উদ্দিন মাদ্রাসা মাঠে দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সমাজের সব পেশাজীবী মানুষকে সচেতন হতে হবে। যার যার অবস্থান থেকে দুর্নীতিবিরোধী শপথ নিতে হবে।