দুর্নীতি প্রতিরোধে শুধু ব্যক্তিপর্যায়ে নয় বরং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মের মনে দুর্নীতির বিরুদ্ধে ঘৃণার চেতনা সৃষ্টি করতে হবে। দুর্নীতিগ্রস্ত সমাজে মানুষ তার প্রকৃত মর্যাদা পায় না।
গতকাল বুধবার চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভায় উদ্বোধক ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অনুপম সেন।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার খলিলুর রহমান। মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ও বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাছিরুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, দুদকের চট্টগ্রাম বিভাগের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাওন পান্থ।
সভায় অনুপম সেন বলেন, সংবিধানে আছে প্রতিটি মানুষকে মানুষের মর্যাদা দিতে হবে। কিন্তু দুর্নীতিতে আচ্ছন্ন সমাজে সেটি সম্ভব নয়। দুর্নীতি প্রতিরোধ করতে দরকার চেতনা। সমাজের বিবেকবান মানুষের দায়িত্ব দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা। দুর্নীতিমুক্ত মানবিক সমাজ গড়ে তুলতে তিনি তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।
নাছিরুদ্দিন চৌধুরী বলেন, সমাজের মাত্র ১ শতাংশ মানুষ দুর্নীতি করে আর বাকি ৯৯ শতাংশ মানুষ এর শিকার হয়। এ জন্যই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার কথা বলা হচ্ছে।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাংস্কৃতিক স্কোয়াড।
এর আগে গতকাল সকালে ডিসি হিলের নজরুল স্কয়ারের সামনে অনুষ্ঠিত হয় দুর্নীতিবিরোধী মানববন্ধন। কর্মসূচি শেষে শোভাযাত্রা বের করা হয়। এটি মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এসে শেষ হয়।