আওয়ামী লীগ ও বিএনপি দেশ চালাতে সক্ষম নয়। কারণ, এই দুই দলের আমলেই সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, হচ্ছে। এরা দুর্নীতি না কমালে দেশ ধীরে ধীরে অন্ধকারের দিকে এগিয়ে যাবে। দুর্নীতিতে এ দুটি দলের মধ্যে কোনো পার্থক্য নেই। গতকাল রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এমবিএ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এই সভার আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার ৪১ বছর পর ‘কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক আলোচনা সভা রাজনীতিকদের জন্য লজ্জার। যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছে, তা ধূলিসাৎ হতে চলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, বিএনপি ও আওয়ামী লীগ দুই দলই দুর্নীতিবাজ মন্ত্রীদের সুপ্রতিষ্ঠিত করেছে। দুর্নীতিতে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই।’ম্যাবের সভাপতি সৈয়দ আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান, অধ্যাপক পিয়াস করিম, সাবেক সচিব এম এম নাসিরউদ্দিন, সাংবাদিক আতাউস সামাদ, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শাকিল ওয়াহেদ প্রমুখ।