দুর্নীতিপরায়ণদের ধরতে না পারা পর্যন্ত তাড়া করব: দুদক চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ছবি: সংগৃহীত
দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের খ্রিষ্টীয় নববর্ষ ও মুজিব বর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ‘দুর্নীতি দমনে অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘দুর্নীতিপরায়ণদের যতক্ষণ পর্যন্ত না আইনের আমলে আনতে পারছি, ততক্ষণ আমরা তাদের তাড়া করব।’ 


দুদকের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংস্থাটির প্রধান কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইকবাল মাহমুদ বলেন, ‘আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ার পেছনে প্রধান অন্তরায় দুর্নীতি। এই দুর্নীতির মাত্রা যতটা কমিয়ে আনা যায়, সেটাই হবে মুজিব বর্ষে আমাদের জন্য সবচেয়ে উত্তম কাজ।’

ইকবাল মাহমুদ বলেন, ‘মানুষ সংবাদপত্রে প্রকাশিত সংবাদ বিশ্বাস করে। এমনকি শিশুরা সংবাদপত্র থেকে শিক্ষা গ্রহণ করছে। সংবাদপত্র, টেলিভিশন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। আমার মনে হয়, সংবাদপত্রের সবচেয়ে বড় দায়িত্ব দেশের প্রতি। কোনো সংবাদ যেন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন না করে, এই দিকটাও মাথায় রাখতে হবে। শুধু সংবাদপত্র নয়, আমাদের সবার কর্মপ্রক্রিয়া সর্বপ্রথম থাকা উচিত দেশ, তারপর আপনি, আমি, আমরা সবাই।’

‘দুর্নীতি দমনে অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় দুদকের প্রধান কার্যালয়ে। ছবি: সংগৃহীত
‘দুর্নীতি দমনে অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় দুদকের প্রধান কার্যালয়ে। ছবি: সংগৃহীত

দুদক চেয়ারম্যান সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘কে বড় কে ছোট—এমন কিছু বিবেচনা না করে নির্মোহভাবে পথ চলছে কমিশন। বিগত প্রায় চার বছরে কোনো সিদ্ধান্ত গ্রহণে আমরা পিছপা হইনি। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, এ সময়ে কারও দ্বারা প্রভাবিত হইনি। যা করেছি, নিজের বিবেক-বিবেচনা বোধ থেকেই করেছি।’

ইকবাল মাহমুদ বলেন, ‘আপনার অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে যদি আমাদের প্রতিষ্ঠানের কোনো দোষত্রুটি খুঁজে পান, তা নিয়েও সংবাদ প্রকাশ করবেন, জনগণকে জানাবেন। কারণ, দুদক জনগণের প্রতিষ্ঠান। সাংবাদিক ছাড়া দুদকের অস্তিত্ব দৃশ্যমান নয়। আপনারা আমাদের শত্রু নন, বরং সহযোগী বা সহযাত্রী। আমাদের সমালোচনা করা হলেও আমরা আপনাদের শত্রু ভাবি না; বরং প্রাতিষ্ঠানিক সংস্কারে সমালোচনার প্রয়োজন রয়েছে। আমরা ইতিবাচকভাবে সমালোচনাকে গ্রহণ করি।’

ইকবাল মাহমুদ বলেন, ‘ক্যাসিনো–কাণ্ড নিয়ে অনেক কথা হয়। ক্যাসিনো ব্যবসা কিন্তু দুদক আইনের তফসিলভুক্ত অপরাধ নয়। তবে ক্যাসিনো ব্যবসা করে যাঁরা অবৈধ সম্পদ অর্জন করেছেন, সেটা দুদক আইনের তফসিলভুক্ত অপরাধ। ঠিক এ কারণেই আমরা অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এসব তথ্যেরও সবচেয়ে বড় উৎস হচ্ছে সংবাদপত্র, অন্য কোনো সংস্থা নয়। আমরা আমাদের এই কর্মপ্রক্রিয়া থামাব না, এটা চলবে। দুর্নীতিপরায়ণদের যতক্ষণ না পর্যন্ত আইন আমলে আনতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমার নিরবচ্ছিন্নভাবে তাদের তাড়া করব।’

প্রশিক্ষণ কর্মশালায় অন্যের মধ্যে বক্তব্য দেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, এ এফ এম আমিনুল ইসলাম, সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত, দুদকের প্রশিক্ষণ অনুবিভাগের মহাপরিচালক এ কে এম সোহেল, রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) মহাসচিব আদিত্য আরাফাত প্রমুখ।