দুর্নীতিবাজ পুলিশের দরকার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সন্ত্রাসী, ছিনতাইকারী ও অপরাধীদের যেমন দরকার নেই, তেমনি দুর্নীতিবাজ পুলিশেরও আমাদের দরকার নেই। এই বাহিনীতে থেকে যাঁরা ক্ষমতার অপব্যবহার করেন, তাঁদেরও প্রয়োজন নেই। প্রতি মুহূর্তে আমাদের পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন প্রথমে পুলিশে আসা উচিত।’
গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে যুব বিতর্ক প্রতিযোগিতা ২০১৪-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ এসব কথা বলেন। ডিএমপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডিএমপির উপকমিশনার (ডিসি) মোল্যা নজরুলের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে দুর্নীতিবাজ পুলিশের বিরুদ্ধে দেওয়া ডিএমপি কমিশনারের বক্তব্য কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। গত বছরের ৬ এপ্রিল আবিদুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে আটকে এক কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে মোল্যা নজরুলের বিরুদ্ধে। মাগুরার সরকারদলীয় সাংসদ কবিরুল হক ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। তবে গত ১৩ নভেম্বর মোল্যা নজরুলকে বাদ দিয়ে দুই উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন। পরদিন ১৪ নভেম্বর তাঁকে ডিএমপির সদর দপ্তরে ডিসি (প্রশিক্ষণ) হিসেবে পদায়ন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ডিএমপির কমিশনার আরও বলেন, দেশের সম্পদ জ্বালিয়ে-পুড়িয়ে জনগণকে জিম্মি করে কোনো গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়? বিগত তিন বছরে তিন হাজার পুলিশ সদস্য আহত হয়েছেন, ১৫ জন নিহত ও এক হাজার ৫০০ পুলিশ সদস্যের পঙ্গু হওয়ার কথা উল্লেখ করেন তিনি।
গতকালের ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নাসরিন আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার আবদুল জলিল ও ইব্রাহিম ফাতেমীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দীন হল চ্যাম্পিয়ন ও নটর ডেম কলেজ রানার্সআপ হয়েছে।