দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের প্রতি দুদকের হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেসব সরকারি কর্মকর্তা জনগণের সেবা পাওয়ার অধিকার খর্ব করা চেষ্টা করেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেবা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হবে। আজ বুধবার সকালে দুদক কার্যালয়ে এক মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান এমন মন্তব্য করেন।
দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, গণশুনানি ও এ নিয়ে কর্মশালার প্রস্তুতি হিসেবে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের সচিব আবু মো. মোস্তফা কামাল।
প্রধান অতিথির বক্তব্যে কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, ‘গণশুনানি দুর্নীতি প্রতিরোধে নতুন সংযোজন। এর মাধ্যমে সরকারি কর্মকর্তাদের সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। কিছু সরকারি কর্মকর্তা জনগণের সেবা প্রাপ্তির অধিকার খর্ব করার চেষ্টা করে থাকেন। এদের মানসিকতা পরিবর্তনে দুর্নীতি দমন কমিশন কঠোর অবস্থান গ্রহণে ন্যূনতম কার্পণ্য প্রদর্শন করবে না।’
জনপ্রশাসনের অনেক কর্মকর্তার কার্যক্রম প্রশংসনীয় বলে উল্লেখ করে সম্প্রতি পত্রিকায় প্রকাশিত পবা উপজেলা এসি ল্যান্ড অফিসের সেবা প্রদানের কার্যক্রমকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন বলেন, ‘গণশুনানির ধারণা আমরা নতুনভাবে গ্রহণ করেছি। এর উদ্দেশ্য জনগণকে সচেতন করে সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে তাদের অধিকার প্রতিষ্ঠা এবং প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।’
বিশেষ অতিথির বক্তব্যে কমিশনার (অনুসন্ধান) নাসিরউদ্দীন আহমেদ বলেন, ৯ ডিসেম্বর ওসমানি স্মৃতি মিলনায়তনে ঢাকার তিনটি অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি), সাব-রেজিস্ট্রার অফিস এবং গণস্বাস্থ্য বিষয়ে গণশুনানি হবে। তিনি বলেন প্রতিটি দপ্তরে সিটিজেন চার্টার প্রদর্শনের ব্যবস্থা থাকবে এবং তা অনুসরণ করেই সরকারি কর্মকর্তাদের সেবা প্রদান করতে হবে। তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য হচ্ছে সব সময় জনগণের সেবা করার চেষ্টা করা। সরকারি কর্মকর্তাদের মনে রাখতে হবে, জনগণের সেবা করা তাঁদের সাংবিধানিক দায়িত্ব।