দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, যারা দুর্নীতি করে তাদের অবশ্যই অপমানিত ও বিব্রত করা হবে। তারা অবশ্যই বিব্রত হচ্ছে। দুদকের সক্ষমতা দিয়ে তাদের প্রতিরোধ করা হচ্ছে।
দুদকের প্রধান কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে সংস্থার কৌশলগত কর্মপরিকল্পনা নিয়ে এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় ইকবাল মাহমুদ এসব কথা বলেন।
সভায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বিচারহীনতার সংস্কৃতিতে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য রাজনৈতিক সদিচ্ছা জরুরি। উন্নয়ন সংগঠন নিজেরা করির সমন্বয়ক খুশী কবির বলেন, দুর্নীতিবাজদের আইনি শাস্তির পাশাপাশি সামাজিকভাবেও শাস্তি দেওয়া উচিত।
সভায় স্বাগত বক্তব্য দেন দুদকের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম। এনজিও প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন ব্র্যাকের পরিচালক নাজমুল হাসান, আশার পরিচালনা পর্ষদের সদস্য এনামুল হক প্রমুখ।