দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান
ভোলায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১২ উপলক্ষে গতকাল মঙ্গলবার মানববন্ধন ও পথসভা হয়েছে। এসব কর্মসূচি থেকে বক্তারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।ভোলা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মানববন্ধন ও পথসভার আয়োজন করে। সদর রোডে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের কর্মীরা অংশ নেন। পথসভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ফারুকুর রহমান, সাধারণ সম্পাদক মোবাশ্বির উল্লাহ চৌধুরী, কমরেড নলিনী দাস, হোমিও কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবীর, ভোলা জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, ভোলা এম এ আলী প্রতিবন্ধী স্কুলের পরিচালক মো. আক্কেল আলী, নাগরিক কমিটির সদস্যসচিব এস এম বাহাউদ্দিন, বাংলাদেশ মহিলা পরিষদের ভোলা জেলা শাখার সভাপতি সঞ্চৃতিকা রানী কর্মকার, বিলকিস জাহান, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রিয়াজ হোসেন প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, ‘ভূমি অফিসের দুর্নীতির কারণে ভূমিহীন কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভোলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস হচ্ছে না। আলাদা কোচিংয়ের নামে হাজার হাজার টাকা কামিয়ে নিচ্ছেন শিক্ষকেরা। কেউ এসব ঘটনার প্রতিবাদ করছে না।’