দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে চুক্তি পুনরুজ্জীবিত করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নির্মাণের জন্য বিকল্প অর্থের সন্ধান না করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে ঋণচুক্তি পুনরুজ্জীবিত করতে সরকারকে পরামর্শ দিয়েছে বিএনপি।গতকাল সোমবার বিকেলে এক সম্মেলনে বিএনপির পক্ষ থেকে এ পরামর্শ দেওয়া হয়। বিএনপি মনে করে, এই ঋণচুক্তি বাতিলের ঘটনা দেশের অর্থনীতিতে সুদূরপ্রসারী নেতিবাচক ভূমিকা রাখবে।সংবাদ সম্মেলনে বলা হয়, পদ্মা সেতুর জন্য বিকল্প অর্থ সংগ্রহের শর্ত বিশ্বব্যাংকের চেয়ে কঠিন হলে বিএনপি মানবে না। তারা ক্ষমতায় গিয়ে সেই চুক্তি বাতিল করবে।দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের ঋণসহায়তা চুক্তি বাতিলের ঘটনায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।সংবাদ সম্মেলনে বলা হয়, পদ্মা সেতুর দুর্নীতির দায় মাথায় নিয়ে সরকারের এখনই ক্ষমতা থেকে সরে যাওয়া উচিত। এই সরকারের দুর্নীতি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সরকারের উচ্চপর্যায়ের কয়েক ব্যক্তির উগ্র লালসার শিকার হয়েছে দেশের ১৬ কোটি মানুষের মানমর্যাদা। বিএনপির দাবি, এই দুর্নীতির সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের সংশ্লিষ্টতা আছে। একই কারণে প্রধানমন্ত্রীর ওয়াদা সত্ত্বেও মন্ত্রী ও আত্মীয়দের সম্পদের হিসাব প্রকাশ করা হচ্ছে না।বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিলের পর অন্য নানা খাত থেকে অর্থ সংগ্রহের চেষ্টারও সমালোচনা করেছে বিএনপি। অপেক্ষাকৃত কঠিন শর্তে বিকল্প অর্থায়নের সন্ধান না করতে সরকারকে পরামর্শ দিয়ে দলটি বলেছে, বিশ্বব্যাংক দুর্নীতির যে তথ্য দিয়েছে, সেই পরামর্শ মোতাবেক দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে চুক্তিকে পুনরুজ্জীবিত করুন।বিকল্প উৎস থেকে অর্থ জোগানের ব্যয় ও শর্তাবলি জনগণের সামনে প্রকাশের দাবি জানিয়ে বিএনপি বলেছে, বিকল্প উৎস থেকে অর্থ জোগানের হার শতকরা ৬ ভাগের বেশি। বাণিজ্যিক খাত থেকে অর্থ নিলে নির্মাণব্যয় বাড়বে ৪ শতাংশ। দলটি মনে করে, বিশ্বব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সুযোগ এখনো আছে। ব্যক্তি ও দলীয় স্বার্থে একঘেয়েমি ও দুর্নীতির পথ অনুসরণ না করে দেশের স্বার্থে বিশ্বব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন জনগণের জন্য মঙ্গলজনক হবে। বিএনপি সরকারকে সততা ও জনকল্যাণের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে।সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্বব্যাংক গত ১৭ এপ্রিল এক বিবৃতিতে মন্ত্রী আবুল হোসেনসহ দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। গত বছরের ২১ সেপ্টেম্বর সরকারকে দেওয়া এক তদন্ত প্রতিবেদনে বিশ্বব্যাংক দুর্নীতির জন্য আবুল হোসেন ও তাঁর প্রতিষ্ঠান সাকো ইন্টারন্যাশনালের শীর্ষপর্যায়ের কর্মকর্তাদের দায়ী করে। বিশ্বব্যাংক এদের নীরব প্রতিনিধি (সাইলেন্ট এজেন্ট) হিসেবে উল্লেখ করেছে। সাকোর জন্য একটি নির্দিষ্ট অংশ রাখতে আবুল হোসেনের নির্দেশনা ছিল। অথচ, সরকার কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো বিশ্বব্যাংককে জানিয়ে দেয়, সেতুর কাজ নিয়ে কোনো দুর্নীতি হয়নি।চুক্তি বাতিলের পেছনে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের হাত রয়েছে কি না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে এম কে আনোয়ার বলেন, পদ্মা সেতুর চুক্তি বাতিলের কারণ বিশ্বব্যাংক বলেছে। এর পেছনে অন্য কোনো কারণ নেই।আরেক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিশেষ কোনো কারণে সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে না। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।