দুর্নীতিবাজদের ব্যাপারে কোনো আপস নেই: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের
ফাইল ছবি

দুর্নীতিবাজদের নির্মূল করে সৎ ও ত্যাগীদের রাজনীতিতে সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দুর্নীতিবাজদের নির্মূল করে সৎ ও ত্যাগীদের রাজনীতিতে সুযোগ করে দিতে হবে। দুর্নীতিবাজদের ব্যাপারে কোনো আপস নেই।

ওবায়দুল কাদের আজ শনিবার সদ্য প্রয়াত ফুটবলার বাদল রায়ের স্মরণসভায় এসব কথা বলেন। তিনি তাঁর বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

বাদল রায় একজন সৎ ও দক্ষ ফুটবলার এবং সংগঠক ছিলেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ দেশের ক্রীড়াঙ্গনে অনেকেই মনে করেন আবাহনী মানে আওয়ামী লীগ আর মোহামেডান মানে আওয়ামী লীগবিরোধী প্রতিপক্ষ। কিন্তু বাদল রায় প্রমাণ করে গেছেন, খেলাধুলায় কোনো রাজনীতি নেই। তিনি বলেন, বাদল রায় তাঁর খেলোয়াড়ি জীবনের শুরু থেকেই মোহামেডানের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু মনেপ্রাণে একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন।

তরুণদের খেলাধুলায় সুযোগ করে দেওয়ায় আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তা না হলে তারা মাদকসহ সমাজবিরোধী কাজে জড়িয়ে পড়তে পারে।

ওবায়দুল কাদের দুঃখ প্রকাশ করে বলেন, কেউ কেউ ব্যক্তিস্বার্থে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য ক্রীড়া ফেডারেশনগুলোকে ব্যবহার করছেন, এর থেকে বের হয়ে আসতে হবে, ক্রীড়া ফেডারেশনগুলোকে দুর্নীতিমুক্ত রাখতে হবে।

ক্রীড়া পরিবারের উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদসহ বিভিন্ন ফেডারেশনের নেতা, ক্রীড়া সাংবাদিক, খেলোয়াড়, সংগঠক।