দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজ রাজনীতিবিদদের ভোট না দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান। তিনি বলেন, জনগণকে খেয়াল রাখতে হবে দুর্নীতিবাজ রাজনীতিকেরা যেন ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতার মসনদে বসতে না পারেন।গতকাল সোমবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও মানববন্ধন শেষে দুদক কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।দিবসটি ছিল গত ৯ ডিসেম্বর। কিন্তু তখন রাজনৈতিক অস্থিরতা থাকায় দুদক গতকাল দিবসটি পালন করে।গোলাম রহমান বলেন, যেসব রাজনীতিবিদ দুর্নীতিপরায়ণ তাঁদের ত্যাগ করুন, প্রতিহত করুন। জনতার শক্তি দিয়ে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে বিচারকদের কঠোর হওয়ার অনুরোধ জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির বিচারপ্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন হওয়া দরকার। প্রতিবছর যদি অন্তত ১০০ দুর্নীতিবাজ জেলে যান, তাহলে দুর্নীতি অনেকাংশে কমবে। তিনি আরও বলেন, দুর্নীতিবাজদের উপযুক্ত জায়গা হচ্ছে নাজিমউদ্দিন রোড (কেন্দ্রীয় জেলখানা)। সর্বোচ্চ এক বছরের মধ্যেই দুর্নীতির মামলার বিচার সম্পন্ন করতে বিচারকদের প্রতি আহ্বান জানান তিনি। দিনের শুরুতে দুদক কার্যালয় থেকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের শোভাযাত্রা বের হয়। এটি কাকরাইল, বিজয়নগর ও পুরানা পল্টন হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে যায়। সেখানে ১৫ মিনিট মানববন্ধন শেষে পুনরায় সেগুনবাগিচার দুদকের কার্যালয়ে আসে শোভাযাত্রা। এতে অংশ নেওয়া তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের শিল্পীরা ট্রাকে করে দুর্নীতিবিরোধী গণসংগীত পরিবেশন করেন। ট্রাকে একটি প্রতীকী জেলখানায় ভরে রাখা হয় একজন প্রতীকী দুর্নীতিবাজকে। শোভাযাত্রায় দুদকের চেয়ারম্যান গোলাম রহমান এবং দুই কমিশনার মো. বদিউজ্জামান, মো. সাহাবুদ্দিনসহ সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।