দুর্নীতিবাজদের সঙ্গে আপসনা করার আহ্বান
ভোলার কৃতী শিক্ষার্থীরা সেই দিনের স্বপ্ন দেখার কথা বলল, যেদিন আর একটি মুখও এসিডে দগ্ধ হবে না। শরীয়তপুরের শিক্ষার্থীদের আলোকিত মানুষ হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। বাগেরহাটের শিক্ষার্থীরা ইভ টিজিং বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেছে। রাজবাড়ীতে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের দুর্নীতিবাজদের সঙ্গে আপসনা করার আহ্বান জানালেন। প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির উদ্যোগে সারা দেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। গতকাল শনিবার গাইবান্ধা, ভোলা, শরীয়তপুর, বাগেরহাট ও রাজবাড়ীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: ভোলাসাবরিনা হোসেন নামে এক কৃতী শিক্ষার্থী বলে, ‘আমরা সেই দিনের স্বপ্ন দেখছি, যেদিন একটি মেয়েও এসিড-সন্ত্রাসের শিকার হবে না। সেভাবেই আমরা নিজেদের গড়ে তুলব।’গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে লালমোহনের ওই শিক্ষার্থী এভাবেই নিজের অভিব্যক্তি বর্ণনা করে। বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠানে চার শতাধিক শিক্ষার্থী হাজির হয়। সংগীতশিল্পী মঞ্জুর আহম্মেদের সঙ্গে হলভর্তি ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের কণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বক্তৃতা করেন জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম, অধ্যক্ষ আফসার উদ্দিন, মনোয়ারা বেগম, প্রথম আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক ফকরউদ্দিন জুয়েল, রবির আঞ্চলিক ব্যবস্থাপক তপন মিত্র, প্রথম আলোর জেলা প্রতিনিধি নেয়ামতউল্লাহ প্রমুখ। শরীয়তপুরসদর উপজেলা মিলনায়তনে জেলার ১৮৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। তুমুল বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে হাজির হয়। বর্ষীয়ান সংগীতশিল্পী রানী ঘটক চৌধুরী বলেন, ‘সমাজের আলোকিত মানুষ হতে হলে নিজের অনেক চেষ্টা থাকতে হবে। শিক্ষাজীবনের প্রতিটি স্তরে মেধার স্বাক্ষর রাখতে হবে। আমি কবিগুরু রবীন্দ্রনাথের ছাত্রী ছিলাম। তোমরাও কবিগুরুর মতো আলোকিত মানুষ হবে।’অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শরীয়তপুর বন্ধুসভার সভাপতি সাবিনা ইয়াছমিন। আরও বক্তব্য দেন মাজেদা শওকত আলী, রওশন আরা বেগম, অনল কুমার দে, শাহজাহান হাওলাদার, খালেকুজ্জামান হাসান, রবির আঞ্চলিক ব্যবস্থাপক মশিউর রহমান, কৃতী শিক্ষার্থী কামরুননাহার জুলিয়া, আজহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বন্ধুসভার কাজী নজরুল ইসলাম ও ইশ্রাফিল হোসেন। প্রথম আলোর শরীয়তপুর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ সমাপনী বক্তব্য দেন।জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠান শরীয়তপুর সরকারি বালিক উচ্চবিদ্যালয়, পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চবিদ্যালয়, শহীদ ডা. হুমায়ুন কবির উচ্চবিদ্যালয়কে সম্মাননা স্মারক দেওয়া হয়।বাগেরহাট ইভ টিজিং বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার শপথ গ্রহণের মধ্য দিয়ে বাগেরহাটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। জেলার নয়টি উপজেলা থেকে আসা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা দাঁড়িয়ে হাত উঁচু করে এ শপথ নেন।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব কমল ঘোষ শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হওয়ার আহ্বান জানান। পরে তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও অভিনন্দনপত্র তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন প্রথম আলোর বাগেরহাট জেলা প্রতিনিধি আহাদ হায়দার। এ ছাড়া মোজাফ্ফর হোসেন, রিজিয়া পারভীন, রবির আঞ্চলিক ব্যবস্থাপক অলোক কুমার বিশ্বাস প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যান্ডদল ‘ডার্ক’ ও মংলার সাংস্কৃতিক সংগঠন ‘অন্তর বাজাও’ তাদের সংগীত পরিবেশন করে। রাজবাড়ী সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ৩৮৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। বোয়ালমারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা দুর্নীতি প্রতিরোধ করবে, লাখো শহীদের প্রতি সম্মান জানিয়ে সুন্দর বাংলাদেশ গড়বে। দুর্নীতিবাজদের সঙ্গে আপস করবে না।’ কৃতী শিক্ষার্থী হেলাল সরদার বলে, ‘তিনবার নদীভাঙনে সর্বস্ব হারিয়ে শহররক্ষা বাঁধে আশ্রয় নিয়ে নিজে দিনমজুরি ও নদীতে মাছ ধরেছি। সময় পেলেই ঢাকার রঙের কারখানায় শ্রমিক হিসেবে কাজ করে লেখাপড়া করেছি।’ অনুষ্ঠানে অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহা, মতিয়র রহমান, প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক এম এ ওয়ারেছ, শিক্ষার্থী আছিয়া খাতুন প্রমুখ বক্তৃতা করেন। বন্ধুসভার সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান ও ফারুক উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি রাশেদ রায়হান। মুখস্থবিদ্যা, মাদক ও ইভ টিজিংকে ‘না’ বলে বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা নুরুজ্জামান মিয়া, আজিজা খানম, রবির আঞ্চলিক ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আহাদ। জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠান রাজবাড়ী সরকারি উচ্চবালিকা বিদ্যালয়, সরকারি উচ্চবিদ্যালয় ও হোগলাডাঙ্গি মোহাম্মাদিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসাকে সম্মাননা স্মারক দেওয়া হয়।