দুর্নীতিবাজদের সঙ্গে আমরা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>২২ ডিসেম্বর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার নির্বাচন। নির্বাচনে এবার বিএনপি ও জামায়াতের চিকিৎসক সমিতি অংশ নিচ্ছে না। তবে নির্বাচনী লড়াইয়ে আছে আওয়ামীপন্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। এ প্রসঙ্গে স্বাচিপের সাধারণ সম্পাদক প্রার্থী ফয়সাল ইকবাল চৌধুরী কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন প্রণব বল
ফয়সাল ইকবাল চৌধুরী
ফয়সাল ইকবাল চৌধুরী

প্রথম আলো: স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বিভক্ত কেন? একই সংগঠন বিএমএ নির্বাচন নিয়ে মুখোমুখি কেন হলো?
ফয়সাল ইকবাল চৌধুরী: নির্বাচনে দাঁড়ানো অপর পক্ষটিও স্বাচিপের সমর্থক। তাঁরাও আমাদের ভাই। কিন্তু তাঁরা পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেননি। আর দুর্নীতির কারণে কেউ কেউ আমাদের মনোনয়ন পাননি। তাই তাঁরা পৃথকভাবে নির্বাচন করছেন। অনেকে প্রতিবারই শীতের পাখির মতো নির্বাচন করেন। এবারও এর ব্যতিক্রম হয়নি।
প্রথম আলো: স্বাচিপ কি এক হয়ে নির্বাচন করতে পারত না?
ফয়সাল ইকবাল চৌধুরী: যোগ্যতম ব্যক্তিদের নিয়েই আমাদের প্যানেল হয়েছে। মেধাবী ও সৎ চিকিৎসকেরা আমাদের সঙ্গে আছেন। যাঁরা দুর্নীতিবাজ, তাঁদের সঙ্গে আমরা নেই।
প্রথম আলো: চিকিৎসকদের বাদ দিয়ে রাজনৈতিক দলের নেতার আনুগত্যে চলেন বলে আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে।
ফয়সাল ইকবাল চৌধুরী: আপনি নিশ্চয় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের কথা বলছেন। তিনি ৩০ বছর ধরে চিকিৎসকদের সুখে-দুঃখে পাশে থেকেছেন। নীতি-আদর্শের দিক থেকে তিনি আমাদের প্যানেলকে সমর্থন দিয়েছেন।
প্রথম আলো: আপনাদের নির্বাচনী অঙ্গীকার কী কী?
ফয়সাল ইকবাল চৌধুরী: দুস্থ চিকিৎসকদের জন্য চিকিৎসা তহবিল করা হয়েছে ইতিমধ্যে। মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্রুত বাস্তবায়ন করব। সরকারি-বেসরকারি হাসপাতালে নারী চিকিৎসকদের জন্য ডে কেয়ার সেন্টার চালু করা হবে। তদন্তের আগে যাতে চিকিৎসকদের দোষী সাব্যস্ত করা না হয় সে বিষয়টি সংবলিত করে চিকিৎসা সুরক্ষা আইন যেন হয়, সে ব্যাপারে আমাদের নজর থাকবে। চট্টগ্রাম মেডিকেল কলেজে আরও একটি ৫০০ শয্যার হাসপাতাল এবং জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করব আমরা।

প্রথম আলো: নির্বাচন কেমন হবে বলে মনে করছেন?
ফয়সাল ইকবাল চৌধুরী: নির্বাচন স্বতঃস্ফূর্ত এবং শান্তিপূর্ণ হবে। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই।