দুর্নীতিবাজের দরজায় কুকীর্তির কথা লিখে রাখার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ জানুয়ারি থেকে দুর্নীতিবাজদের বাড়ির দরজায় দরজায় তাদের দুর্নীতির কথা লিখে দেওয়ার আহ্বান জানানো হয়েছে নাগরিক ঐক্যের দুর্নীতিবিরোধী অবস্থান কর্মসূচি থেকে।
গতকাল শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে গণফোরাম, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ আরও কয়েকটি দল অংশ নেয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবীসহ বিশিষ্টজনেরাও এ অবস্থানের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
অনুষ্ঠানে লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, স্বাধীনতার পর বিহারি ও হিন্দুদের জায়গা দখল এবং রিলিফের কাপড় লুটের মধ্য দিয়ে এ দেশে দুর্নীতির শুরু। এখন দেশের এক ইঞ্চি মাটিও দুর্নীতিমুক্ত না। কোনো মন্ত্রী দুর্নীতিবাজ হলে আগামী ১ জানুয়ারি তাঁর বাড়ির দেয়ালে ‘ওই মন্ত্রী চোর’ লিখে দেওয়ার আহ্বান জানান তিনি।
পরে অবস্থান কর্মসূচির সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, “আমরা যদি ‘তুই রাজাকারের’ মতো ‘তুই দুর্নীতিবাজ’ ‘তুই ঘোষখোর’ ‘তুই অবৈধ’ বলি তাহলে তাঁদের পায়ের তলার মাটি কাঁপতে থাকবে।” তিনি বলেন, এরপর বাড়ির দরজায় ও দেয়ালে লেখার সময় আসবে। প্রাথমিকভাবে আগামী জুনের মধ্যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে রাজধানীর ৫১টি থানায় এক হাজার জায়গায় ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থানের ঘোষণা দেন তিনি।
বেলা তিনটা থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচিতে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার ছাড়াও রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মানুষ মিছিল নিয়ে এসে কর্মসূচিতে যোগ দেয়। বিকেল পাঁচটা নাগাদ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রায় পাঁচ শতাধিক মানুষকে অবস্থান নিতে দেখা যায়।
কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে আইনজীবী শাহদীন মালিক বলেন, কয়েক দিন ধরে তাঁকে ওয়াসায় ঘুষ দিয়ে পানি আনতে হচ্ছে। দুর্নীতির কারণে বাংলাদেশের সব অর্জন শূন্যে পরিণত হচ্ছে বলে মন্তব্যে করেন তিনি।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, ১৬ কোটি মানুষ ঘুষ খায় না, খায় কতিপয় লোক, যারা শাসনব্যবস্থার সঙ্গে জড়িত। সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, বিকল্পধারা বাংলাদেশের সাধারণ সম্পাদক মেজর আবদুল মান্নান, গণফোরামের সহসভাপতি সুব্রত চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, স্থপতি মোবাশ্বের হোসেন প্রমুখ।