দুর্নীতিবাজেরা এখন ঘরে থাকে না
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতিবাজেরা এখন আর ঘরে থাকে না। তাদের ঘরের বাইরে বা দেশের বাইরে অথবা জেলে থাকতে হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থার কৌশলগত কর্মপরিকল্পনা নিয়ে এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় দুদকের চেয়ারম্যান এসব কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, যারা দুর্নীতি করে, তাদের অবশ্যই অপমানিত ও বিব্রত করা হবে। তারা অবশ্যই বিব্রত হচ্ছে। দুদকের সক্ষমতা দিয়ে দুর্নীতিবাজদের প্রতিরোধ করা হচ্ছে।
মতবিনিময়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বিচারহীনতার সংস্কৃতিতে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য রাজনৈতিক সদিচ্ছা জরুরি। তিনি আরও বলেন, যারা দুর্নীতি করছে, প্রথমে তাদের বিচারের আওতায় আনতে হবে। এরপর তারা যাতে সামাজিকভাবে প্রতিষ্ঠিত না হতে পারে, সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে সংসদ, বিচার বিভাগ ও পুলিশ সবাইকে সমান ভূমিকা পালন করতে হবে বলে মত দেন তিনি। তাঁর মতে, ‘দেশে আইন আছে, কিন্তু প্রয়োগের সংস্কৃতি নেই। তাই আইন প্রয়োগের সংস্কৃতি বাড়াতে হবে।’
উন্নয়ন সংগঠন ‘নিজেরা করি’র সমন্বয়ক খুশী কবির বলেন, কারও প্রাপ্য অধিকার গ্রহণ করতে গিয়ে ঘুষ দেওয়া এখন সংস্কৃতিতে দাঁড়িয়ে গেছে। তাঁর মতে, দুর্নীতিবাজদের আইনি শাস্তির পাশাপাশি সামাজিকভাবেও শাস্তি দেওয়া উচিত।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন দুদক কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম। এনজিও প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন ব্র্যাকের পরিচালক নাজমুল হাসান, আশার পরিচালনা পর্ষদের সদস্য এনামুল হক প্রমুখ।