দুর্নীতিবাজেরা যত শক্তিশালীই হোক ছাড় পাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতিবাজেরা যত শক্তিশালীই হোক না কেন কেউ ছাড় পাবে না। দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়তে দুর্নীতিবাজদের আইনের আওতায় নিয়ে আসার বিকল্প নেই।

গতকাল শুক্রবার দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে শিক্ষার্থীদেরমধ্যেদুর্নীতি প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, ‘আমরা জনগণকে দেখাতে চাই, সবাইকে বলতে চাই আইনের ঊর্ধ্বে এ দেশে কেউ নেই। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাড়ে ৪০০ লোককে গ্রেপ্তার করা হয়েছে।’

দুদক চেয়ারম্যান বলেন, কমিশন কাউকে গ্রেপ্তারের জন্য বলে না। মামলার তদন্ত কর্মকর্তা যদি মনে করেন গ্রেপ্তার করতে হবে, তখন তাঁরা গ্রেপ্তার করেন।

এর আগে অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সত্যিকারের মানুষ হতে হলে মান থাকতে হবে, হুঁশ থাকতে হবে। যার মান ও হুঁশ নেই সে মানুষ নয়। বেহুঁশ হলে চলবে না। দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ পাঠ করান দুদক চেয়ারম্যান। তিনি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণও বিতরণ করেন।

দুদক সমন্বিত রংপুর জেলা কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সাংসদ এইচ এন আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) শামসুল আরেফিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রংপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুলতানা পারভীন ও রংপুর দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদার।