দুর্নীতিবিরোধী দিবস পালিত
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার চট্টগ্রামে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।
দিবসটি উপলক্ষে মানববন্ধন, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।
সকালে নগরের ওয়াসা মোড়ে দুর্নীতিবিরোধী মানববন্ধন করা হয়। এতে নগরের বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধন শেষে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। এরপর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আলেফ উদ্দিন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান, দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবদুল আজিজ ভুঁইয়া, উপপরিচালক আবু সাঈদ, দুদকের বিশেষ কৌঁসুলি মাহমুদুল হক, মেজবাহউদ্দিন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. রুহুল আমিন।