দুর্নীতিবিরোধী সাইকেল শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল রোববার সুনামগঞ্জ শহরে সাইকেল র্যালি হয়েছে। সুনামগঞ্জে টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) অনুপ্রেরণায় গঠিত তরুণদের সংগঠন ইয়েস গ্রুপ এই র্যালির আয়োজন করে৷
‘দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই’ স্লোগান নিয়ে সকালে শহরের ষোলঘর এলাকার সনাক কার্যালয় থেকে জাতীয় পতাকা ও দুর্নীতিবিরোধী বিভিন্ন স্লোগান-সংবলিত ফেস্টুন নিয়ে তরুণেরা শহরে সাইকেল র্যালি বের করেন৷ পরে শহরের আলফাত স্কয়ার, মধ্যবাজার, তেঘরিয়া, আরপিন নগর, হাজীপাড়া, নতুনপাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে আবার সনাক কার্যালয়ে এসে শেষ হয়৷ র্যালি থেকে দুর্নীতিবিরোধী লিফলেট বিতরণ করেন তরুণেরা৷ র্যালিতে ২৫ জন তরুণ অংশ নেন৷
সনাক কার্যালয়ে র্যালিতে অংশ নেওয়া তরুণদের উদ্দেশে বক্তব্য দেন সুনামগঞ্জ সনাকের ইয়েস গ্রুপ উপকমিটির আহ্বায়ক এনামুল হক চৌধুরী, ইয়েস গ্রুপের দলনেতা সোহেল রানা, টিআইবির অঞ্চল ব্যবস্থাপক মোহাম্মদ শফি উল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের অগ্রগতির পথে প্রধান বাধা হচ্ছে দুর্নীতি৷ তাই দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে৷ তরুণদের দুর্নীতিমুক্ত থেকে দেশকে দুর্নীতিমুক্ত করতে কাজ করতে হবে।