দুর্নীতিবিরোধী কার্টুন ও আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা করেছে। গতকাল বৃহস্পতিবার টিআইবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা ২০১৬’-তে বয়সভিত্তিক দুটি বিভাগে ছয়জনকে পুরস্কার দেওয়া হয়। ক বিভাগের পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মাহাতাব রশিদ, মারজিয়া রহমান ও মিনহাজুর রহমান। খ বিভাগে বিজয়ীরা হলেন আরাফাত করিম, দীপংকর সিংহ ও হাসান মাহমুদ।

‘দুর্নীতিবিরোধী আলোকচিত্র প্রতিযোগিতা ২০১৬’-এ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে মোহাম্মদ আসাদ, মো. খালিদ রায়হান ও সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিন প্রথম আলোর ফটোসাংবাদিক।

কার্টুন ও আলোকচিত্র প্রতিযোগিতার নির্বাচিত কার্টুন ও ছবিগুলো নিয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত দৃক গ্যালারিতে প্রদর্শনী চলবে। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

এদিকে ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ প্রতিপাদ্য সামনে রেখে ৯ ডিসেম্বর জাতিসংঘের উদ্যোগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নানা কর্মসূচি হাতে নিয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে দুপুরে বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে ‘দুর্জয় তারুণ্য, দুর্নীতির বিরুদ্ধে একসাথে’্রতিপাদ্যে ইয়েস এবং ইয়েস ফ্রেন্ডস সদস্যদের মধ্যে অনুপ্রেরণা পুরস্কার দেওয়া হয়।

বিকেলে ধানমন্ডির দৃক গ্যালারিতে দুর্নীতিবিরোধী কার্টুন ও আলোকচিত্র প্রতিযোগিতা ২০১৬-এর পুরস্কার ঘোষণা হয়। এ আয়োজনে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল। সভাপতিত্ব করেন টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল। আরও ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। বিজ্ঞপ্তি।